প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৪৬ পিএম
বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সংবাদ সম্মেলন। প্রবা ফটো
রমজানের ১৫ তারিখ পর্যন্ত রাত ৮টার পরিবর্তে ১০টা ও পরবর্তীতে চাঁদ রাত পর্যন্ত ক্রেতার উপস্থিতির ভিত্তিতে দোকান খোলা রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সংগঠনটির নেতারা।
বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি নাজমুল হাসানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে চার দফা দাবি তুলে ধরেন ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি আরিফুর রহমান টিপু।
চার দফা দাবি ও প্রস্তাবগুলো হলো - ১. বর্তমান ভ্যাট আইন সহজ করে পাঁচটি খাতা বা বহি সংরক্ষণের পরিবর্তে মোট বিক্রয় মূল্যের নীট মুনাফার উপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ। ২. ডিলার, পরিবেশক, পাইকারি ও খুচরা বিক্রেতা কী পরিমাণ পণ্য মজুদ রাখতে পারবে তার নীতিমালা প্রণয়ন করা। ৩. পাইকারি ও খুচরা বিক্রির নিট মুনাফার হার নির্ধারণের জন্য দোকান ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি ও সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় প্রতিনিধিদের সমন্বয়ে কমিটি গঠন। ৪. পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ১৫ রমজান পর্যন্ত রাত আটটার পরিবর্তে ১০টা পর্যন্ত। ১৫ রমজানের পর থেকে চাঁদ রাত পর্যন্ত ক্রেতার উপস্থিতির ওপর ভিত্তি করে দোকান খোলা রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন।