তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্প
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৫০ এএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৪৪ পিএম
রাজধানীর নতুন বাজার এলাকায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ। প্রবা ফাইল ফটো
বিএনপির পর আওয়ামী লীগও বৃহস্পতিবার (৯ ফেরব্রুয়ারি) ঢাকায় তাদের কর্মসূচি স্থগিত করেছে। ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় হতাহতের ঘটনায় শোক জানাতে ‘শান্তি সমাবেশ’ স্থগিতের ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় প্রাণহানির ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এ কারণে ঢাকা মহানগর উত্তরের পূর্ব ঘোষিত পল্লবীতে আজ বৃহস্পতিবারের শান্তি সমাবেশ স্থগিত করা হয়েছে।
মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি এক শোক বিবৃতিতে তুরস্ক ও সিরিয়ায় হাজার হাজার মানুষের মৃত্যুতে বিশেষ শোক প্রকাশ করেছেন। একইসঙ্গে সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করার জন্য অনুরোধ জানিয়েছেন।
একই কারণে ঢাকায় বিএনপির আজকের পদযাত্রা কর্মসূচি হচ্ছে না। বুধবার গভীর রাতে কর্মসূচি স্থগিতের সিদ্ধান্তের কথা জানায় দলটি।
বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স মোবাইলে পাঠানো খুদে বার্তায় জানান, তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে হাজার হাজার মানুষ নিহত হওয়ায় গভীর শোক, সমবেদনা, সহমর্মিতা জ্ঞাপন করে কর্মসূচি স্থগিত করা হয়েছে।