× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গভর্নিং বডি বিলুপ্তির দাবিতে ধানমন্ডি আইডিয়ালের শিক্ষকদের কর্মবিরতি চলছে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৪৪ পিএম

ধানমন্ডি আইডিয়াল কলেজ গভর্নিং বডির সভাপতি ও সদস্যদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে একাডেমিক কার্যক্রম বর্জন করে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। প্রবা ফটো

ধানমন্ডি আইডিয়াল কলেজ গভর্নিং বডির সভাপতি ও সদস্যদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে একাডেমিক কার্যক্রম বর্জন করে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। প্রবা ফটো

রাজধানীর ধানমন্ডি আইডিয়াল কলেজ গভর্নিং বডির সভাপতি ও সদস্যদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে একাডেমিক কার্যক্রম বর্জন করে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা।

তারা বলছেন, গভর্নিং বডির অপসারণ না হলে অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম বর্জন করা হবে। কলেজটির গভর্নিং বডির বিরুদ্ধে এমন আন্দোলনে সমর্থন জানাচ্ছেন শিক্ষার্থী ও কর্মচারীরা। 

সোমবার (৬ ফেব্রুয়ারি) ধানমণ্ডি আইডিয়াল কলেজের শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

এর আগের দিন রবিবার গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান ও অন্যান্য সদস্যদের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেন শিক্ষকরা। একই সাথে গর্ভনিং বডির ওপর অনাস্থা প্রকাশ করে তাদের অবাঞ্চিত ঘোষণা করা হয়। 

কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রধান মনিরুল ইসলাম, জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাজমুল হুদা, ইংরেজি বিভাগের সেগুপ্তা ইসলাম, সিএসই বিভাগের প্রভাষক মারুফ নেওয়াজসহ প্রায় ৭০ জন শিক্ষক এ আন্দোলনে সমর্থন জানিয়ে একাডেমিক কার্যক্রম বর্জন করছেন। 

আন্দোলনে একাত্মতা প্রকাশ করে দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থী (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, কলেজের দুর্নীতিবাজ কতিপয় শিক্ষক ও গভর্নিং বডি কলেজটির সুনাম ধ্বংসের পায়তাঁরা করছে। আমাদের থেকে পোশাক বাবদ চার হাজার টাকা নেওয়া হলেও দেওয়া হয় নিম্নমানের পোশাক। এক বিষয়ে অকৃতকার্য হলেই গুনতে হয় ১ হাজার টাকা আবার চার বিষয় ফেল করলেই ১০ হাজার টাকা দিতে হয়। আমরা চাই এমন নিয়ম বন্ধ হোক। শিক্ষার্থীবান্ধব কলেজ হোক। কলেজের বর্তমান গভর্নিং বডি অপসারণ করা হোক। 

এ বিষয়ে সিএসই বিভাগের প্রভাষক মারুফ নেওয়াজ বলেন, আমাদের দাবি মেনে নেওয়া না হলে একাডেমিক কার্যক্রম বন্ধের এ কর্মসূচি চলতে থাকবে। সমস্যা নিরসনে শিক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকেও সহযোগিতা পাবো বলে আমাদের বিশ্বাস। 

ক্লাস বর্জনে শিক্ষার্থীদের শিখন ঘাটতির সমস্যা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সমস্যা তো কিছু থাকবেই। আমরা শিক্ষক, আমরা তো অভিভাবকও। আমরা চাই দ্রুত সমস্যার সমাধান হোক। 

দেয়ালে পিঠ না ঠেকলে এমন কর্মসূচি আসতো না বলেও যোগ করেন এই শিক্ষক। 

গভর্নিং বডির অপসারণের দাবিতে শিক্ষকরা জানান, যতক্ষণ পর্যন্ত গভর্নিং বডির সভাপতি ও তাদের দোসররা পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত এ কলেজে কোনো ক্লাস বা কোনো ধরনের কার্যক্রম চলতে দেওয়া হবে না। একইসাথে অনিয়মের হোতা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকেও কলেজ প্রাঙ্গণে প্রবেশ করতে দেওয়া হবে না। 

তারা বলেন, ধানমন্ডি আইডিয়াল কলেজের গভর্নিং বডির বর্তমান সভাপতি অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান। তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। প্রায় ১৪ বছর ধরে তিনি এই প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। গভর্নিং বডিতে অন্য সব পদে কিছুটা পরিবর্তন এলেও সভাপতির পদটিতে এত বছরেও কোনো পরিবর্তন আসেনি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা