প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৩ ১৩:৪৭ পিএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩ ১৩:৫৯ পিএম
বাঁয়ে সভাপতি ক্যাপ্টেন নাজমুল, মাঝখানে সাধারণ সম্পাদক ক্যাপ্টেন আইদান ও ডানে সহ-সভাপতি ক্যাপ্টেন তানিয়া রেজা। ছবি : সংগৃহীত
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলটদের সংগঠন বাপা’র কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবারের এই নির্বাচনে সভাপতি ক্যাপ্টেন নাজমুল এবং সাধারণ সম্পাদক হিসেবে ক্যাপ্টেন আইদান নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ক্যাপ্টেন তানিয়া রেজা।
শুক্রবার বাপা’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ক্যাপ্টেন নাজমুল ২০০০ সালের নভেম্বরে পাইলট হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের ক্যাপ্টেন হিসেবে কর্মরত আছেন।
প্রায় ১২ হাজার উড্ডয়ন অভিজ্ঞতাসম্পন্ন ক্যাপ্টেন নাজমুল এর আগে এয়ারবাস এ-৩১০ এবং বোয়িং ৭৩৭-এর কমান্ডার হিসেবেও সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
ক্যাপ্টেন নাজমুল ২০০৮ সালে প্রথম বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশন বা বাপার কার্যকরী পরিষদের সাধারণ সদস্য হিসেবে নির্বাচিত হন। এরপর থেকে বিভিন্ন মেয়াদে বাপার বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন এবং সর্বশেষ বাপার নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন।
সহ-সভাপতি হিসেবে নির্বাচিত ক্যাপ্টেন তানিয়াও বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের ক্যাপ্টেন হিসেবে বিমানে কর্মরত আছেন। বিমানের ইতিহাসে এই প্রথম কোনো নারী পাইলট বাপার কার্যকরী পরিষদে নির্বাচিত হলেন।
তানিয়া জনপ্রিয় নায়ক ফেরদৌসের সহধর্মিনী। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত ক্যাপ্টেন আইদান বর্তমানে ড্যাশ-৮ বিমানের ক্যাপ্টেন। আইদান এর আগেও বাপার কার্যকরী পরিষদের সদস্য ছিলেন।