প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ আগস্ট ২০২২ ১৩:১৩ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২২ ১৫:০৮ পিএম
রাজধানীর একটি সড়কে অফিসের সময় যানজটের চিত্র। ছবি : সংগৃহীত
রাজধানীর প্রধান প্রধান সড়কে যানজটের নতুন চিত্র দেখা গেছে। দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের নতুন সময়সূচি শুরু হয়েছে বুধবার (২৪ আগস্ট) সকাল ৮টা থেকে। ফলে নগরীর বিভিন্ন এলাকায় যানজটমুক্ত সড়কে যথা সময়ে কর্মস্থলে পৌঁছান অনেকে। আবার দীর্ঘ যানজটের কারণে অফিসগামী অনেককেই পোহাতে হয় চরম ভোগান্তি। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।
বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস-আদালত, ব্যাংকের কর্ম সময়ের পরিবর্তন করা হয়। সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসগুলো সকাল ৮টা থেকে বিকাল ৩টা এবং ব্যাংক-বীমা সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চালুর নিয়ম করা হয়েছে। এ কারণে আজ কর্মস্থলের উদ্দেশে বাসা থেকে ভোরেই বের হয়েছেন অফিসগামী যাত্রীরা।
সময় তখন ৮টা। মালিবাগ হয়ে রাজধারীর কাকরাইল যেতে যানবাহনের দীর্ঘ লাইনে থাকতে হয়। মোড়ে যেতে দেখা যায়, হাতের বামে মতিঝিলের দিকে সড়ক একদম ফাঁকা, ডানে কাকরাইল মসজিদের দিকে রাস্তায় সিগন্যালের অপেক্ষায় দাঁড়িয়ে আছে কিছু যানবাহন। পল্টন মোড় থেকে প্রেস ক্লাব ও গুলিস্তানের রাস্তা ছিল একদম ফাঁকা।
বিসিক অফিসের কর্মকর্তা মেহেরুন নেসা প্রতিদিনের বাংলাদেশকে জানান, গণপরিবহনের বাসে কলাবাগানের বাসা থেকে মতিঝিল আসতে খুব একটা যানজটে পড়তে হয়নি। প্রথম দিন সড়কের চিত্র দেখে তিনি সন্তুষ্ট। তবে আগামী রবিবার সকাল থেকে বোঝা যাবে সড়ক কতটা যানজটমুক্ত থাকে।
পুরানা পল্টন থেকে বাংলামোটর যেতে প্রধান সড়কের পাশ ধরে সারিবদ্ধ দোকানপাট ছিল বন্ধ। দু-একটি খাবারের দোকান চোখে পড়লেও রাস্তার ফুটপাতে ছিল না হকার। উল্লেখ করার মতো যানজট চোখে পড়েনি। মৎস্যভবন ও শাহবাগ মোড়ে ছিল সিগন্যালে দাঁড়িয়ে থাকা যানবাহন। তবে বাংলামোটর, ফার্মগেট ও বিজয় সরণি হয়ে বনানী থেকে উত্তরা পর্যন্ত ছিল তীব্র যানজট। অবশ্য এ এলাকায় মেট্রোরেলের কাজের জন্য যানবাহন চলাচলে ধীরগতি ছিল অনেক আগে থেকেই।
বাংলামোটর এলাকায় কথা হয় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অফিসার মেহদী হাসানের সঙ্গে। তিনি প্রতিদিনের বাংলাদেশকে জানান, সকাল পৌনে ৮টায় কল্যাণপুরের বাসা থেকে বাংলামোটর আসতে বেশ ভোগান্তিতে পড়তে হয়। মোটরসাইকেলে আসতে তার দীর্ঘ সময় শ্যামলী, আগারগাঁও, ফার্মগেট ও কারওয়ান বাজারে যানজটে বসে থাকতে হয়েছে।
অফিস-আদলতের নতুন সময় ও রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে কথা হয় মিরপুর বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্তি উপকমিশনার সোহেল রানার সঙ্গে। তিনি বলেন, ট্রাফিক পুলিশিংয়ের শিফট শুরু হয় সকাল ৬টা থেকে। নতুন সময়ে ট্রাফিকিং ব্যবস্থায় তেমন কোনো সমস্যা দেখা দেয়নি। তবে নগরীর যানজটের সময় এগিয়ে আসছে।
নগরীর আজকের যানজটের বর্ণনা করে তিনি আরও বলেন, আগে ট্রাফিকিং বা যানজটের পিক আওয়ার শুরু হতো সাড়ে ৮টা-পৌনে ৯টার পর থেকে। অফিসের নতুন সময় অনুসারে পিক আওয়ার শুরু হয়েছে সাড়ে ৭টার পর থেকেই। তবে যেসব এলাকায় স্কুল-কলেজ নেই, সেসব এলাকার সড়কে একদম যানজট ছিল না। কোনো কোনো রাস্তায় বিভিন্ন প্রকল্পের কর্মযজ্ঞের জন্য যানজট শুরু হয়েছে বলেও তিনি জানান।
প্রবা/রাই/ এসআর