প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৩ ১৬:১০ পিএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩ ১৬:৩৯ পিএম
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। প্রবা ফটো
স্বাস্থ্য খাতে অবকাঠামো উন্নয়ন হয়েছে দাবি করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘এখন আমাদের বড় চ্যালেঞ্জ দেশের প্রত্যেক এলাকায় স্বাস্থ্যসেবার মান উন্নত করা। আমাদের জেলা পর্যায় পর্যন্ত মোটামুটি ঠিক আছে, কিন্তু উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান এখনও উন্নত পর্যায়ে পৌঁছায়নি।’
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা জেলা প্রশাসকদের বলেছি, জেলায় স্বাস্থ্যসেবা নিয়ে যেসব মিটিং হয় সেসব তদারকি করতে। একই সঙ্গে বেসরকারি হাসপাতালগুলোতেও মাঝে মাঝে ভিজিট করতে অনুরোধ করেছি, যাতে সেখানে রোগীকে বেশি টেস্ট দেওয়া না হয়। একই সঙ্গে অকারণে সিজার করা না হয়।’
সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ ও ইনফরমেটিকস বিভাগের একদল গবেষক গবেষণার ভিত্তিতে তথ্য প্রকাশ করে ‘দেশের ৫৯ শতাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের এক্স-রে করা হয় না। কারণ, সেখানে হয় এক্স-রে যন্ত্র নেই অথবা যন্ত্র থাকলেও তা নষ্ট।’
সে বিষয়ে জাহিদ মালেক বলেন, ‘আমাদের প্রত্যেক উপজেলা সরকারি হাসপাতালে এক্স-রে, আল্টাসনোগ্রাফি মেশিন রয়েছে। কোথাও কোথাও টেকনিশিয়ান না থাকায় সেগুলোতে একটু সমস্যা হচ্ছে। আবার কোথাও মেশিনে কারিগরি ত্রুটি থাকতে পারে। কিন্তু উপজেলা পর্যায়ে এক্স-রে মেশিন নেই, এটি সঠিক নয়।’
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘এখন অসংক্রামক বিভিন্ন রোগ বাড়ছে। আমরা জেলা প্রশাসকদের বলেছি এটি প্রতিরোধে ভূমিকা রাখতে হবে। যেখানে সেখানে ময়লা ফেলা না হয় সে বিষয়ে বিশেষ নজর রাখার জন্য বলেছি। একই সঙ্গে পানি, বায়ু ও শব্দদূষণ প্রতিরোধে নিয়োমিত মোবাইল কোর্ট পরিচালনার অনুরোধ জানিয়েছি।
‘জেলা প্রশাসকরা স্বাস্থ্যসেবার মান উন্নয়নে প্রশিক্ষিত নার্স নিয়োগ দেওয়ার কথা বলেছেন। আমরা এ বিষয়ে উদ্যোগ নিচ্ছি।’