প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৩ ১৭:০৯ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩ ১৯:০৭ পিএম
আটক জাহাঙ্গীর আলম ও মেহেদী হাসান। প্রবা ফটো
রাজধানীর সায়েদাবাদ থেকে এক কেজি ৭০০ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইসসহ সেন্টমার্টিন পরিবহনের একটি বাসের চালক জাহাঙ্গীর আলম ও তার সহযোগী মেহেদী হাসানকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উদ্ধার আইসের বর্তমান বাজার মূল্য এক কোটি টাকার বেশি।
বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে গেন্ডারিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দক্ষিণ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আল-আমিন।
তিনি বলেন, গত মঙ্গলবার বিকালে গোপন তথ্যের ভিত্তিতে অধিদপ্তরের সহকারি পরিচালক (গোয়েন্দা) মুহাম্মদ রিফাত হোসেনের নেতৃত্বে যাত্রাবাড়ী থানার উত্তর সায়েদাবাদ হাজী বোরহান উদ্দিন টাওয়ার সংলগ্ন আলকারিম হাসপাতালের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অতিরিক্ত পরিচালক আল-আমিন বলেন, ‘টেকনাফ মাদক সিন্ডিকেটের মাধ্যমে রাজধানীতে আইস নিয়ে আসতেন জাহাঙ্গীর। বাস চালানোর আড়ালে তিনি মাদক কারবার করতেন। জাহাঙ্গীর ২০১৫ সাল থেকে ইয়াবা ও ২০২০ সাল থেকে আইস কারবারের সঙ্গে জড়িত। প্রথমে টেকনাফ থেকে ইয়াবা ও আইস ঢাকায় পৌঁছে দেওয়ার কাজ করতেন। পরে নিজেই একটি সংঘবদ্ধ চক্র গড়ে তোলেন। মাদক ঢাকায় এনে সহযোগী মেহেদীর মাধ্যমে সেবনকারীদের হাতে পৌঁছে দিতেন।’
তিনি আরও বলেন, ‘অন্য মাদকের তুলনায় আইসের দাম বেশি। রাজধানীর অভিজাত এলাকায় এটি বেশি বিক্রি হয়। গ্রামে এখনও এর বিস্তার ঘটেনি। আটকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। মাদক কারবারে জড়িত থাকায় এর আগে চারবার গ্রেপ্তার হয় জাহাঙ্গীর। ’