প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৩ ১৭:২৬ পিএম
ছবি: সংগৃহীত
বিদ্যমান সড়ক পরিবহন আইন- ২০১৮তে আন্তর্জাতিক পাঁচটি মানদণ্ড না থাকায় পৃথক সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের দাবি জানিয়েছে রোড সেইফটি কোয়ালিশন বাংলাদেশ।
তাদের দাবি, ২০১৮ সালে প্রণীত আইনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত পাঁচটি নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়, সড়ক ব্যবস্থাপনা, নিরাপদ সড়ক, নিরাপদ মোটরযান, নিরাপদ সড়ক ব্যবহারকারী এবং দুর্ঘটনা পরবর্তী কার্যকর ব্যবস্থাপনা না থাকায় তা সড়ক নিরাপত্তায় কার্যকর আইন নয়।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে কোয়ালিশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়। কোয়ালিশনের পক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এই দাবি জানান।
তিনি বলেন, ‘সড়ক পরিবহন বিধিমালা জারির বিষয়টি প্রশংসনীয় উদ্যোগ হলে এতে কিছু সীমাবদ্ধতা রয়ে গেছে। আমাদের বর্তমান সড়ক পরিবহন আইন-২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা-২০২২ মূলত সড়ক পরিবহন আইন এবং সড়ক পরিবহন ব্যবস্থা সংক্রান্ত। এই আইন ও বিধিমালা সড়ক নিরাপত্তা বিধিমালা নিশ্চিতকরণে যথেষ্ট নয়।
তিনি বলেন, জাতিসংঘের সেকেন্ড ডিকেড অব অ্যাকশন ফর রোড সেইফটি ২০২১-২০৩০ এ বর্ণিত পাঁচটি পিলার এবং বাংলাদেশ সরকারের অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বর্ণিত পাঁচটি পিলারের আলোকে সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য বর্তমান সড়ক পরিবহন আইন-২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা-২০২২ প্রণীত করা হয়নি। তাই আমরা দাবি জানাচ্ছি, দ্রুততার সঙ্গে পৃথক সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন করার।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিস্টেন সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক ইমাম জাফর সিকদার, বাংলাদেশ এনজিও নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এএইচএম বজলুর রহমান, ইম্পেসিভ কমিউনিকেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) খন্দকার হাসিবুজ্জামান প্রমুখ।