প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৩ ১১:১৯ এএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩ ১২:১৯ পিএম
সংগৃহীত ছবি
রাজধানী ঢাকার পল্টনে তেলবাহী লরির চাপায় রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের এক চালক নিহত হয়েছেন।
রবিবার (১৫ জানুয়ারি) রাত দুইটার দিকে স্কাউট ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে তিনটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের নাম শহিদুল ইসলাম। তার বাবা মৌলভীবাজারের রাজনগর উপজেলার সৈয়দ আলী। ঢাকার সবুজবাগের বাসাবো কদমতলায় পরিবার নিয়ে বাস করতেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
নিহতের শ্যালক মো. জামিল বলেন, ‘মোটরসাইকেল নিয়ে দুলাভাই রাতে বাসায় ফিরছিলেন। পল্টন স্কাউট ভবনের সামনে একটি লরি তার বাহনে চাপা দেয়। স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’