× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়াসা এমডির পক্ষে কর্মকর্তা-কর্মচারীদের মিছিল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৩ ১৫:৫৮ পিএম

আপডেট : ১২ জানুয়ারি ২০২৩ ১৬:১৬ পিএম

ওয়াসার এমডি তাকসিম এ খানকে সমর্থন করে মিছিল করেছেন কর্মচারীরা। ছবি : প্রবা

ওয়াসার এমডি তাকসিম এ খানকে সমর্থন করে মিছিল করেছেন কর্মচারীরা। ছবি : প্রবা

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খানকে সমর্থন করে মিছিল করেছেন সংস্থাটির কর্মকর্তা ও কর্মচারীরা। 

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ওয়াসা ভবনের সামনে তারা এ কর্মসূচি পালন করেন।

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে মিছিলটি ওয়াসা ভবনের সামনে থেকে শুরু হয়। ভবনের সামনের সড়কে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে এমডির পক্ষে নানা স্লোগান দেন তারা। এ সময় ‘হলুদ সাংবাদিকরা, হুঁশিয়ার সাবধান’ স্লোগান দিতেও শোনা যায়।

সম্প্রতি জাতীয় একটি দৈনিকে তাকসিম এ খানের যুক্তরাষ্ট্রে ১৪টি বাড়ি থাকার তথ্য দিয়ে খবর প্রকাশিত হয়েছে। এ সংবাদের প্রতিবাদে আজকের কর্মসূচি ঘোষণা করা হয়। এ কর্মসূচিতে উপস্থিত হতে লিখিত কোনো আদেশ না দিলেও জোনগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের মৌখিক নির্দেশনা দেওয়া হয়।

এদিকে, তাকসিম এ খানের যুক্তরাষ্ট্রে ১৪ বাড়ি থাকার অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র প্রতিদিনের বাংলাদেশকে জানিয়েছে, তাকসিম এ খানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ১৪ বাড়ি থাকার বিষয়ে মঙ্গলবার অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। দুদকের উপপরিচালক সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বে দুই সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করেছে কমিশন। টিমের অপর সদস্য হলেন সহকারী পরিচালক মাহবুব আলম।

মূলত, গত ৯ জানুয়ারি দেশের একটি জাতীয় দৈনিকে প্রকাশিত একটি প্রতিবেদন হাইকোর্টের নজরে আনেন দুদকের জ্যেষ্ঠ আইনজীবী খুরশিদ আলম খান। ওই প্রতিবেদনে ওয়াসার এমডির যুক্তরাষ্ট্রের ১৪ বাড়ির তথ্য  দিয়ে যে সংবাদ প্রকাশ করেছে, সেটির ওপর ভিত্তি করে হাইকোর্ট অভিযোগের অগ্রগতি জানতে চেয়ে ১৫ দিনের সময় বেঁধে দেন।

ওয়াসার এমডি তাকসিম এ খানকে সমর্থন করে মিছিল করেছেন কর্মচারীরা। ছবি : প্রবা

তাকসিম এ খানের  নামে নতুন করে যুক্তরাষ্ট্রের ১৪ বাড়ির অভিযোগ ছাড়াও আরও বেশ কয়েকটি বড় অর্থ কেলেঙ্কারির অভিযোগ অনুসন্ধান করেছিল দুদক। এর মধ্যে ওয়াসায় নিয়োগ বাণিজ্য,  গুলশান-বারিধারা লেক দূষণ রোধ প্রকল্পে অনিয়ম, ওয়াসার পদ্মা জলদিয়া প্রকল্পে প্রায় ১ হাজার ১০০ কোটি টাকার প্রকল্প,  গন্ধবপুর পানি শোধনাগার ১ হাজার কোটি টাকার প্রকল্পে তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। সম্প্রতি ঢাকা ওয়াসায় অভিযানও পরিচালনা করেছে দুদকের এনফোর্সমেন্ট টিম।

সংবাদপত্রে  যুক্তরাষ্ট্রে তার ১৪ বাড়ি থাকার বিষয়ে গত ১০ জানুয়ারি ওয়াসা ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাকসিম এ খান। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করছেন তিনি। এসব তার শত্রুরা করিয়েছে বলেও ধারণা তার। 

তাকসিম এ খান বলেছেন, ‘ঢাকা ওয়াসায় এক টাকাও দুর্নীতি হয়নি, জীবনে এক টাকাও হারাম খাইনি। আমার বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য।’ 

গত এক যুগেরও বেশি সময় তাকসিম এ খান ওয়াসার এমডি হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০০৯ সালে ঢাকা ওয়াসার এমডি হিসেবে নিয়োগ পান তিনি। ছয়বার মেয়াদ বাড়িয়ে তাকেই ওয়াসায় এমডি হিসেবে রাখা হয়। বিতর্ক রয়েছে তার নিয়োগ প্রক্রিয়া নিয়েও। ওয়াসার এমডি হিসেবে নিয়োগের যেসব অভিজ্ঞতা চাওয়া হয়েছিল তার বেশিরভাগই ছিল না ওয়াসার এই এমডির।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা