প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মিনিট আগে
জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে ফ্যাসিবাদ মোকাবিলায় জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জেএসডির উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
‘ফ্যাসিবাদবিরোধী সংগ্রামকে নতুন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে যুক্ত করতে হবে। ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধ করতে হলে শুধু ক্ষমতার পালাবদল যথেষ্ট নয়; রাষ্ট্রের পুরোনো ক্ষমতা-কাঠামোর পরিবর্তন এবং রাষ্ট্র পরিচালনায় জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।’
শনিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে ফ্যাসিবাদ মোকাবিলায় জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে এসব কথা বলেন সংগঠনটির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন রাজনৈতিক সহিংসতা, প্রতিহিংসা, দখলদারিত্ব ও ভয়ভীতির রাজনীতি বন্ধ করতে হবে। গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠার জন্য সকল রাজনৈতিক পক্ষকে সংযম, সহনশীলতা ও দায়িত্বশীল আচরণ করতে হবে। জনগণের নিরাপত্তা ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সহিংসতা ও সংঘাতের রাজনীতি কোনোভাবেই রাষ্ট্র রূপান্তরের আকাঙ্ক্ষাকে বাধাগ্রস্ত করতে পারে না।
স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া বলেন, জুলাই গণ-অভ্যুত্থান রাষ্ট্র রূপান্তরের যে ঐতিহাসিক সম্ভাবনা উন্মোচন করেছে, তাকে বাস্তবে রূপ দিতে হলে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন জরুরি। রাষ্ট্র রূপান্তরের সংগ্রাম কোনো একক রাজনৈতিক দল বা গোষ্ঠীর কর্মসূচি হতে পারে না; এর ভিত্তি হতে হবে বৃহত্তর জনগণের ঐক্য ও সক্রিয় অংশগ্রহণ।
স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট কে.এম জাবির বলেন, ফ্যাসিবাদবিরোধী প্রতিরোধকে রাষ্ট্র রূপান্তরের বৃহত্তর গণতান্ত্রিক সংগ্রামের সঙ্গে সংযুক্ত করাই বর্তমান সময়ের রাজনৈতিক কর্তব্য। এই সংগ্রাম হতে হবে।
জেএসডি ঢাকা মহানগর পশ্চিমের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা কামালের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক এস এম সামছুল আলম নিক্সন, শ্রমিক নেতা এম এ আউয়াল, দপ্তর সম্পাদক কামরুল আহসান অপু, যুব বাঙালির কেন্দ্রীয় নেতা আমান উল্ল্যা অয়ন সুমন খান, সৈয়দ ওমর ফারুক সেলিম প্রমুখ।