× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজধানীর আবাসিক হোটেলে ৩ জনকে ছুরিকাঘাত, ব্যবস্থাপক নিহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ মিনিট আগে

হোটেল ওসমানী ইন্টারন্যাশনাল। ছবি: সংগৃহীত

হোটেল ওসমানী ইন্টারন্যাশনাল। ছবি: সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার টিকাটুলির হোটেল ওসমানী ইন্টারন্যাশনালে ঢুকে কর্মকর্তা–কর্মচারীদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় হোটেলটির ব্যবস্থাপক নাঈমুর রহমান (২৩) নিহত হয়েছেন।

নাঈমুরকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন হোটেলের মহাব্যবস্থাপক আবদুর রাজ্জাক (৫০) এবং কর্মী মো. হাসান (২৬) আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ বলছে, আবাসিক হোটেলটির সামনে মুরগির দোকান আছে। এই দোকান থেকে একটি মুরগি গত রাতে হোটেলে ঢুকে পড়ে। এ নিয়ে হোটেলকর্মীদের সঙ্গে মুরগির দোকানের মালিক ও তার ছেলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা ছুরি নিয়ে হোটেলের কর্মকর্তা–কর্মচারীদের ওপর হামলা চালান। এতে হতাহতের ঘটনা ঘটে।

নিহত নাঈমুরের বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দে। তার বাবার নাম মো. গোলাম মোস্তফা। নাঈমুরের খালাতো ভাই সাব্বির আহমেদের ভাষ্য, মুরগির দোকানের মালিক এনায়েত কাজী টিকাটুলির স্থায়ী বাসিন্দা। স্থানীয় সন্ত্রাসীদের সঙ্গে তার সখ্য রয়েছে। তিনি কিছুদিন ধরে তার সহযোগীদের নিয়ে হোটেলে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় নাঈমুরের ওপর তারা ক্ষিপ্ত ছিলেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আবদুর রাজ্জাকের নাতি মো. জুবায়ের গণমাধ্যমকে বলেন, পূর্বশত্রুতার জেরে মুরগির দোকানটির মালিক এনায়েত কাজী ও তার ছেলে ইরান কাজী বৃহস্পতিবার রাতে হোটেলে প্রবেশ করেন। এরপর তারা ধারালো অস্ত্র দিয়ে তিনজনকে কুপিয়ে আহত করেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে ভোররাত চারটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে নাঈমুরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত আবদুর রাজ্জাক ও হাসান হাসপাতালে চিকিৎসাধীন।

কী নিয়ে পূর্বশত্রুতা ছিল, সে বিষয়ে কিছু জানাতে পারেননি জুবায়ের। তিনি বলেন, পুলিশের তদন্তে প্রকৃত কারণ বের হয়ে আসবে।

পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী বলেন, টিকাটুলির জয়কালী মন্দিরের পাশে হোটেলটির অবস্থান। হোটেলের সামনে একটি মুরগির দোকান আছে। প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন, দিবাগত রাত দেড়টার দিকে দোকান থেকে একটি মুরগি হোটেলে ঢোকে। একপর্যায়ে মুরগিটি দোতলায় উঠে যায়। মুরগির দোকানের মালিক এনায়েত ও তার ছেলে ইরানও হোটেলে ঢোকেন। মুরগি ঢোকা নিয়ে হোটেলকর্মীদের সঙ্গে এনায়েতের কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে এনায়েত ও ইরান মিলে হোটেল ব্যবস্থাপক নাঈমুরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। তাকে বাঁচাতে গিয়ে হোটেলের মহাব্যবস্থাপক আবদুর রাজ্জাক ও কর্মী হাসান আহত হন। পরে হাসপাতলে নাঈমুরকে মৃত ঘোষণা করা হয়।

ঘটনার পর মুরগির দোকানের মালিক ও তার ছেলে পালিয়ে যান বলে জানান পুলিশের কর্মকর্তা মল্লিক আহসান। তিনি বলেন, হোটেলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তারা এনায়েত ও ইরানকে শনাক্ত করেছেন। তাদের ধরতে অভিযান চলছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা