বাণিজ্য প্রতিবেদক
প্রকাশ : ৪১ মিনিট আগে
ছবি: সংগৃহীত
রাজধানীর কুড়িলে আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইলেকট্রিক ভেহিকল ও মোবিলিটি প্রদর্শনী (বিইভিএমএক্স ২০২৬)’-এর তৃতীয় আসর। সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড আন্তর্জাতিক এই প্রদর্শনীর আয়োজন করেছে।
আজ বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
আয়োজকেরা জানান, প্রদর্শনীতে দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলোর ইলেকট্রিক গাড়ি, বাইক, স্কুটার ও বাস প্রদর্শিত হচ্ছে। এর পাশাপাশি রয়েছে চার্জিং অবকাঠামো, ই-মোবিলিটি ও স্মার্ট মোবিলিটি সলিউশন, এনার্জি স্টোরেজ ও ব্যাটারি প্রযুক্তি এবং সোলার, উইন্ড ও হাইড্রোজেনসহ বিভিন্ন নবায়নযোগ্য জ্বালানি সমাধান। প্রদর্শনীতে আন্তর্জাতিক বিটুবি ও বিটুজি ব্যবসায়িক বৈঠকেরও সুযোগ রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওভারসিজ চায়নিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের (ওসিএআইবি) ভাইস প্রেসিডেন্ট ও সেক্রেটারি জেনারেল মিস ভিভিয়ান হুয়াং, চায়নিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের (সিইএবি) ট্রেড অ্যান্ড সার্ভিস শাখার সভাপতি হান জিংচাও এবং ইউনান কমার্শিয়াল রিপ্রেজেন্টেটিভ অফিস ইন বাংলাদেশের পরিচালক লি শিয়াও।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ-চীন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) সভাপতি মো. খোরশেদ আলম, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই) সহসভাপতি মো. আরফাতুর রহমান (আপেল), বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালক (এনফোর্সমেন্ট) যুগ্ম সচিব মো. জাকির হোসসান এবং সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফয়েজুল আলম।
২৬ নভেম্বর শুরু হওয়া এই আন্তর্জাতিক প্রদর্শনী চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনীটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।