× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দখল-দূষণে ড্রেনে পরিণত বাসাবো-কদমতলা খাল, পুনঃখনন শুরু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ মিনিট আগে

বাসাবো-কদমতলা খাল পরিষ্কার ও পুনঃখননের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম।

বাসাবো-কদমতলা খাল পরিষ্কার ও পুনঃখননের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম।

রাজধানীর জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু প্রতিরোধ ও পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে বাসাবো-কদমতলা খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ, পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

আগামী তিন মাসের মধ্যে খালটির ২ দশমিক ১৫ কিলোমিটার অংশ পুনঃখননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বুধবার সকালে রাজধানীর বাসাবো এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

ডিএসসিসির নিজস্ব অর্থায়নে খালের খিলগাঁও ও ছায়াবীথি হয়ে শকুননগর খাল পর্যন্ত ২ দশমিক ১৫ কিলোমিটার অংশ পুনঃখনন করা হবে। এ সময় খালের তলদেশ থেকে প্রায় ২২ হাজার ২৬৫ ঘনমিটার পলি ও বর্জ্য অপসারণ করা হবে। খনন শেষে খালের দুই পাড়ে সৌন্দর্যবর্ধনে বৃক্ষরোপণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, “দখল ও দূষণের কারণে একসময়ের প্রবহমান বাসাবো-কদমতলা খালটি বর্তমানে সরু ড্রেনে পরিণত হয়েছে। খালের ওপরের আবর্জনার পাশাপাশি তলদেশে জমে থাকা মাটিও অপসারণ করে দ্রুত ট্রাকে সরিয়ে নেওয়া হবে, যাতে খালের পাড়ে বর্জ্য জমে না থাকে।”

খালের নিরাপত্তা ও সৌন্দর্য রক্ষায় পাড় বাঁধাই এবং সুরক্ষা দেয়াল বা গ্রিল স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি। অবৈধ দখলদারদের নিজ উদ্যোগে জায়গা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে এলাকাবাসীকে খালে ময়লা না ফেলার অনুরোধ করেন প্রশাসক। পরিচ্ছন্নতা বজায় রাখতে স্থানীয় বাসিন্দা, সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলগুলোর সহযোগিতাও কামনা করেন তিনি।

প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, ডেঙ্গু প্রতিরোধ ও পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে বাসাবো ও খিলগাঁও-সংলগ্ন খাল ও ঝিলগুলো পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসকের তত্ত্বাবধানে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে ঢাকা-৯ আসনের দীর্ঘদিনের নাগরিক সমস্যাগুলোর সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসির আওতাধীন ২২টি ছোট-বড় খাল পুনরুদ্ধার ও পুনঃখননের বিশেষ কর্মসূচি গত ১৬ নভেম্বর শুরু হয়েছে। এর অংশ হিসেবে ১৬ নভেম্বর কোনাপাড়া-কদমতলা, ১৮ নভেম্বর ডগাইর-বামৈল এবং ২৩ নভেম্বর কুতুবখালী খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এদিকে, ডিএসসিসির অঞ্চল-৬-এর ৭৫ নম্বর ওয়ার্ডে গৌড়নগর নাজিমউদ্দিন মার্কেট থেকে ১৬১/৫ নম্বর হোল্ডিং পর্যন্ত নর্দমাসহ সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ডিএসসিসি প্রশাসক ও প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা