৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মিনিট আগে
এস এম আসলাম হোসেন ওরফে সুইডেন আসলাম। ছবি: সংগৃহীত
রাজধানীর নিউমার্কেটে শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে আরেক শীর্ষ সন্ত্রাসী এস এম আসলাম হোসেন ওরফে সুইডেন আসলামকে। এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তার সাত দিনের রিমান্ড আবেদন করবে পুলিশ। একই সঙ্গে পুরান ঢাকার সূত্রাপুরে প্রকাশ্যে গুলি করে তারিক সাইফ মামুন হত্যা এবং দেশের অন্য শীর্ষ সন্ত্রাসীদের সঙ্গে তার যোগাযোগের বিষয়টিও খতিয়ে দেখছেন গোয়েন্দারা।
আজ সোমবার ভোররাত আড়াইটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে তিনি বিমানবন্দরে গিয়েছিলেন।
সোমবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি-মিডিয়া) মো. আকতার হোসেন জানান, বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। চলতি বছরের ২৮ এপ্রিল নিউমার্কেট এলাকায় সংঘটিত টিটন হত্যা মামলায় তদন্তে নাম আসায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করে তার সাত দিনের রিমান্ড চাওয়া হবে।
টিটন হত্যায় আসলামের সম্পৃক্ততার বিষয়ে জানতে চাইলে ডিএমপির এই কর্মকর্তা বলেন, তদন্তে তার নাম এসেছে। জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে তার প্রকৃত সম্পৃক্ততার মাত্রা বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের চার দিন আগে থাইল্যান্ড থেকে দেশে এসেছিলেন আসলাম। এরপর আবার থাইল্যান্ডের একটি ফ্লাইটে দেশ ছাড়ার সময় তিনি গ্রেপ্তার হন। প্রায় এক মাস ধরে তিনি গোয়েন্দা নজরদারিতে ছিলেন। তবে তার এই যাতায়াতের উদ্দেশ্য এবং এর সঙ্গে কোনো অপরাধমূলক পরিকল্পনার সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
এ বিষয়ে ডিএমপির ডিসি (মিডিয়া) বলেন, ইমিগ্রেশন পুলিশ তাকে ডিবির কাছে হস্তান্তর করেছে। তিনি কোথা থেকে এসেছেন কিংবা কোথায় যাওয়ার চেষ্টা করছিলেন, সে বিষয়ে ইমিগ্রেশন পুলিশ বিস্তারিত বলতে পারবে। বর্তমানে তিনি ডিবি হেফাজতে রয়েছেন।
আসলামের বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে আকতার হোসেন বলেন, তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে একাধিক মামলা হয়েছে। কোনোটি তদন্তাধীন, আবার কোনো কোনো মামলায় পুলিশ প্রতিবেদন দেওয়া হয়েছে। সব বিষয় পর্যালোচনা করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
চিহ্নিত ও অন্য শীর্ষ সন্ত্রাসীদের নজরদারির বিষয়ে তিনি জানান, তাদের বিরুদ্ধে ডিএমপি নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করছে। সুযোগ ও সক্ষমতা তৈরি হলেই তাদের গ্রেপ্তার করা হচ্ছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।
গত বছরের ১০ নভেম্বর পুরান ঢাকার সূত্রাপুরে আদালতপাড়া এলাকায় প্রকাশ্যে গুলি করে তারিক সাইফ মামুন হত্যার ঘটনায় আসলামের কোনো যোগসূত্র রয়েছে কি না, গোয়েন্দারা এখন তা খতিয়ে দেখছেন। গোয়েন্দাদের তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন শীর্ষ সন্ত্রাসীর সঙ্গে তার যোগাযোগ ছিল।
চলতি বছরের ২৮ এপ্রিল রাজধানীর নিউমার্কেট এলাকায় খুন হন শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন। তিনি আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের শ্যালক। ২০০১ সালে সরকার ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় দুই নম্বরে ছিল টিটনের নাম। পুলিশের ধারণা, শীর্ষ সন্ত্রাসীদের মধ্যকার অভ্যন্তরীণ বিরোধের জেরেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।