লায়ন্স ক্লাবের উদ্যোগ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ মিনিট আগে
বিশ্ব শিশু দিবস ২০২৬ উপলক্ষে পুরান ঢাকায় প্রথমবারের মতো শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন ‘কিডস রান ফেস্ট ম্যারাথন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ, মেধা বিকাশ এবং সক্রিয় জীবনযাপনে উৎসাহিত করার লক্ষ্যে শুক্রবার রাজধানীর ওয়ারীতে এ ম্যারাথনের আয়োজন করা হয়।
লায়ন্স ক্লাব অব ঢাকা প্রোটেস্টিং ভয়েজ (১৭৯৯৩২)-এর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব ঢাকা ফ্রিডম ও লায়ন্স ক্লাব অব ঢাকা মার্ক, লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫এ১, বাংলাদেশের যৌথ সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ৩ শতাধিক শিশু অংশগ্রহণ করে। শিশুদের বয়সভিত্তিক দুটি ক্যাটাগরিতে যথাক্রমে ৫০০ মিটার ও ১,০০০ মিটার দৌড় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. অনুপম হোসেন, সাবেক জাতীয় দলের ক্রিকেটার। তিনি শিশুদের সুস্থ, সক্রিয় ও আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলতে খেলাধুলা ও এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
আয়োজকরা জানান, বর্তমান সময়ে শিশুদের শারীরিক কার্যক্রমে সম্পৃক্ত করা এবং তাদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের মেধা ও শারীরিক বিকাশের পাশাপাশি নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তুলতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।
ম্যারাথনে অংশগ্রহণকারী সকল শিশুর জন্য ছিল টি-শার্ট, ফিনিশার মেডেল, সার্টিফিকেট, পানির বোতল, খাদ্যসামগ্রীসহ বিভিন্ন উপহার। শিশুদের উৎসাহ ও আনন্দ বাড়াতে পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানটি সফল করতে সহযোগিতা করেছে বাবুল্যান্ড প্লেগ্রাউন্ড, ফেস গ্রুপ, বিডিবি ক্যাবল, এসএমসি, অটো টেকনোলজি লিমিটেড, পেপসোডেন্ট ও ডেকো ফুড। চিকিৎসা সহযোগিতায় ছিল জেএমআই স্পেশালাইজড হসপিটাল। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল বাংলাভিশন এবং স্থানীয় সহযোগিতায় ছিল ওয়ারিয়ান্স অ্যালামনাই।
দিনব্যাপী আয়োজনের শেষপর্বে ওয়ারী আবেদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় অতিথি, আয়োজক, সহযোগী প্রতিষ্ঠান ও অভিভাবকরা শিশুদের হাতে পুরস্কার ও অংশগ্রহণের স্মারক তুলে দেন।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, শিশুদের জন্য নিরাপদ, আনন্দময় ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরি এবং তাদের খেলাধুলায় উৎসাহিত করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আয়োজন করা হবে।