× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এলডিসি উত্তরণে আমলাতান্ত্রিক জটিলতা কাটাতে হবে: ওয়াহিদউদ্দিন মাহমুদ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ মিনিট আগে

আপডেট : ১৩ মিনিট আগে

শুক্রবার (২১ নভেম্বর) রাজধানীর এফডিসিতে ‘এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্য দেন অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শুক্রবার (২১ নভেম্বর) রাজধানীর এফডিসিতে ‘এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্য দেন অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতি, অনিয়ম ও ব্যবসায়ের খরচ নিয়ন্ত্রণ করতে হবে। একই সঙ্গে সব ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে উঠতে হবে। দেশে টেকসই শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা না গেলে কোনো সম্ভাবনাই কাজে লাগানো সম্ভব হবে না। এ জন্য প্রয়োজন দক্ষ ও চৌকস প্রশাসন।

বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ এসব কথা বলেছেন। তিনি বলেন, বড় ধরনের রাজনৈতিক বিপর্যয়ের পর অস্থিরতা ও ষড়যন্ত্র তত্ত্বের চর্চা চলতেই থাকবে। তবে স্বচ্ছতা, জবাবদিহি ও আত্মবিশ্বাস থাকলে কোনো ষড়যন্ত্রই খুব বেশি হালে পানি পাবে না। এ পরিস্থিতি মোকাবিলায় গণতান্ত্রিক শাসনব্যবস্থার ধারাবাহিকতার মাধ্যমে রাষ্ট্রের সক্ষমতা বাড়াতে হবে।

শুক্রবার (২১ নভেম্বর) রাজধানীর এফডিসিতে ‘এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিবেট ফর ডেমোক্রেসি এ প্রতিযোগিতার আয়োজন করে। অনুষ্ঠানে মক স্পিকার হিসেবে সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, বাংলাদেশের চ্যালেঞ্জ শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিকও। বারবার রাজনৈতিক অস্থিরতা এবং শাসনব্যবস্থার ভাঙাগড়ার কারণে দেশ পিছিয়ে যাচ্ছে। একতরফা বাণিজ্য সুবিধা পেয়ে যে অভ্যাস তৈরি হয়েছে, তা থেকে বেরিয়ে আসতে হবে। দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য যে পরিবেশ প্রয়োজন, বিগত সময়ে সেদিকে যথাযথ দৃষ্টি দেওয়া হয়নি। এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে উৎপাদনব্যবস্থাকে আরও আধুনিক ও সময়োপযোগী করতে হবে।

তৈরি পোশাক খাতের শ্রমিকদের মজুরি রাতারাতি বাড়ানো সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, এ ক্ষেত্রে মালিক ও শ্রমিক—উভয় পক্ষকে এক টেবিলে বসে সমস্যা সমাধানে উদ্যোগী হতে হবে। পোশাক খাত নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র ও উসকানি চলছে। এ শিল্প ধ্বংসের পথে গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন শ্রমিকরাই।

সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, এলডিসি গ্র্যাজুয়েশনের সময়সীমা আরও তিন বছর বাড়ায় শুল্কমুক্ত বাণিজ্যসুবিধা হারানোর তাৎক্ষণিক ঝুঁকি থেকে স্বস্তি পেয়েছে বাংলাদেশ। তবে এ সময় আত্মতুষ্টিতে না ভুগে নিজেদের দুর্বলতা কাটিয়ে চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি নিতে হবে। নানা সীমাবদ্ধতার কারণে দেশের ব্যবসায়ীরা এখনো প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারেননি।

তিনি বলেন, এলডিসি থেকে উত্তরণের পর বড় পোশাক কারখানাগুলো তেমন সমস্যায় না পড়লেও মাঝারি ও ছোট কারখানাগুলো বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ ও সম্ভাবনার সঙ্গে দেশের তৈরি পোশাক খাত প্রত্যক্ষভাবে জড়িত। এ খাতের চলমান অস্থিরতা অব্যাহত থাকলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে এবং বিদেশি ক্রেতাদের আস্থা কমে যাবে। এতে রপ্তানি আয়, কর্মসংস্থান ও বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

হাসান আহমেদ চৌধুরী কিরণ আরও বলেন, এলডিসি উত্তরণ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জের সমাপ্তি নয়, বরং সম্ভাবনার সূচনা। সঠিক প্রস্তুতি নিতে পারলে চ্যালেঞ্জকে সম্ভাবনায় রূপান্তর করা সম্ভব। এ উত্তরণে বাংলাদেশের আন্তর্জাতিক মর্যাদা ও ব্র্যান্ড ইমেজ বাড়বে, ক্রেডিট রেটিং উন্নত হবে এবং বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি পাবে। নতুন বাজারে প্রবেশের সুযোগও তৈরি হবে। তাই শুধু শুল্কসুবিধার ওপর নির্ভর না করে উৎপাদনশীলতা, দক্ষতা, প্রযুক্তি, মান, উদ্ভাবন ও সুশাসনের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা অর্জন করতে হবে।

‘এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ অপেক্ষা সম্ভাবনা বেশি’ শীর্ষক ছায়া সংসদে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিকে পরাজিত করে প্রাইমএশিয়া ইউনিভার্সিটির বিতার্কিকরা বিজয়ী হন।

প্রতিযোগিতায় বিচারক ছিলেন ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, সাংবাদিক জাকির হোসাইন, মাইদুর রহমান রুবেল, মো. আতিকুর রহমান ও তারিকুল ইসলাম মাসুম। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি এবং অংশগ্রহণকারীদের ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা