রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৩২টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৩ জন, লালবাগে ১৯ জন, ওয়ারীতে ৩৭ জন, মতিঝিলে ২৬ জন, তেজগাঁওয়ে ৪৮ জন, মিরপুরে ৭৩ জন, গুলশানে ১৮ জন এবং উত্তরা বিভাগে ৪৭ জন রয়েছেন। পাশাপাশি, গোয়েন্দা বিভাগ চারজন এবং এসআরইউ বিভাগ চারজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে পুলিশ চারটি অবিস্ফোরিত ও চারটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ২৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৫০টি ইয়াবা, চার বোতল তরল পেট্রোল, পেট্রোলভর্তি পলিথিনের দুটি গোলা, একটি গ্যাসলাইট, ছয়টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।