প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ মিনিট আগে
ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে জেন্ডার স্টেরিওটাইপ (গতানুগতিক ধারণা) মোকাবিলা ও সমতার বার্তা ছড়িয়ে দেওয়ার স্বীকৃতি হিসেবে ‘জেন্ডার সেনসিটিভ কনটেন্ট অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন পাঁচজন কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার।
বৃহস্পতিবার রাতে রাজধানীর তেজগাঁওয়ের আলোকি কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে তাদের এই পুরস্কার দেওয়া হয়।
ঢাকার নেদারল্যান্ডস দূতাবাসের সহায়তায় জাগো ফাউন্ডেশন ট্রাস্টের নেতৃত্বে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের অংশীদারত্বে পরিচালিত ‘সমতায় তারুণ্য: ইউথ ফর ইকুয়ালিটি’ প্রকল্পের আওতায় এই পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে ‘ন্যাশনাল লেভেল ইনফ্লুয়েন্সার’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন মাইশা মাহজাবীন প্রিয়তী এবং ‘ইন্সপায়ারিং কনটেন্ট ক্রিয়েটর’ ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন মো. মেহেদী হাসান নূর। ‘ইমার্জিং কনটেন্ট ক্রিয়েটর’ ক্যাটাগরির পুরুষ বিভাগে হাসিবুল ইসলাম বাপ্পী ও নারী বিভাগে আপুসি চৌধুরী পুরস্কার পান। এ ছাড়া বিশেষ ‘জুরিস মেনশন’ সম্মাননা পেয়েছেন তারগিভ সানান রোহাম।
আয়োজকেরা জানান, শুধু অনুসারী বা ফলোয়ারের সংখ্যা নয়; বরং কনটেন্টের গুণগত মান এবং জেন্ডার সমতার সঙ্গে এর প্রাসঙ্গিকতা বিবেচনা করে বিজয়ী নির্বাচন করা হয়েছে। প্রকল্পের বাইরের অভিজ্ঞ বিচারকদের সমন্বয়ে গঠিত একটি জুরি বোর্ড গল্প বলার ধরন, নৈতিক যোগাযোগ এবং অন্তর্ভুক্তি যাচাই করে এই মূল্যায়ন সম্পন্ন করে। সমাজে প্রচলিত ক্ষতিকর রীতিগুলোকে কনটেন্টটি কতটা প্রশ্নবিদ্ধ করতে পেরেছে, তাও মূল্যায়নে প্রাধান্য দেওয়া হয়।
ইমার্জিং কনটেন্ট ক্রিয়েটর ক্যাটাগরিতে মূলত প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত ক্রিয়েটরেরা অংশ নেন। এই প্রকল্পের অধীনে দেশের আট বিভাগের ২৪৬ জন তরুণ কনটেন্ট ক্রিয়েটরকে জেন্ডার সমতা, নৈতিক গল্প বলা এবং দায়িত্বশীল অনলাইন আচরণের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের (নিমকো) অতিরিক্ত মহাপরিচালক রওনক জাহান। তিনি বলেন, “ডিজিটাল জগৎ এখন আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গিয়েছে। কিন্তু এই ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা প্রায়ই দেখতে পাই জেন্ডার স্টেরিওটাইপ, আক্রমণাত্মক ও বিদ্বেষপূর্ণ মন্তব্য, যা নারীর অগ্রযাত্রার পথকে রুদ্ধ করে এবং গোটা সমাজকেই পিছিয়ে দেয়।”
তিনি আরও উল্লেখ করেন, “এই আয়োজন কেবল একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান নয়; এটি একটি আন্দোলনের সূচনা: বৈষম্যহীন, সমতামূলক এবং জেন্ডার সংবেদনশীল সমাজ গড়ার আন্দোলন।” সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে নিমকো জাগো ফাউন্ডেশন ট্রাস্টের সঙ্গে যৌথভাবে কাজ করছে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইয়োরিস ফান বোমেল বলেন, “জেন্ডার সংবেদনশীল কনটেন্ট তৈরি করার অর্থ কেবল ক্ষতি এড়ানো নয়। এর মানে হলো প্রশ্ন তোলা এবং দেখা যে এই আলোচনায় কাদের কণ্ঠ অনুপস্থিত।” তিনি যোগ করেন, সমাজে সত্যিকার পরিবর্তন আনতে বিশাল প্ল্যাটফর্মের প্রয়োজন নেই; প্রয়োজন একটি সৎ গল্প, সামাজিক দায়বদ্ধতা এবং নিজের কণ্ঠকে ইতিবাচক কাজে ব্যবহারের সদিচ্ছা।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে জাগো ফাউন্ডেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক করভি রাকসান্দ জানান, গত তিন বছরে এই প্রকল্পের মাধ্যমে দেশের আট বিভাগের ৬৪ জেলায় তরুণসমাজ, যুব নেতৃত্বাধীন সংগঠন এবং সাংবাদিকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তিনি বলেন, “বাংলাদেশে জেন্ডার সমতা নিয়ে কথা বলা বেশ কঠিন, কিন্তু তরুণেরা আমাদের সঙ্গে ছিলেন। এই প্রকল্পের মেয়াদ হয়তো একসময় শেষ হবে, কিন্তু যারা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে ভিন্নভাবে কথা বলতে ও ভাবতে শিখেছেন, তারা সমাজে ইতিবাচক ভূমিকা রেখে যাবেন।”