প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ মিনিট আগে
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, বিকাশ ও স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করা প্রতিষ্ঠান ‘আলোকিত শিশু’র ১৮ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি অডিটোরিয়ামে ‘আলোকিত শিশু ১৮-র জয়গান’ শীর্ষক এ উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের রেজিস্ট্রার (যুগ্মসচিব) মোহাম্মদ হারুন অর রশিদ, কন্টিনেন্টাল হাসপাতাল লিমিটেডের পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক ডা. আনজুমান আরা বিউটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্টিং কলেজ পরিদর্শক এ কে এম আমজাদ হোসেন।
২০০৯ সাল থেকে ‘আলোকিত শিশু’ বিশেষ শিক্ষা, প্রারম্ভিক শিশু বিকাশ, অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি ও ফিজিওথেরাপি সেবা দিয়ে আসছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি শিক্ষক ও অভিভাবকদের প্রশিক্ষণ এবং আবাসিক সেবার মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিকাশ ও স্বাবলম্বী হয়ে ওঠার ক্ষেত্রে কাজ করছে।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, ‘আলোকিত শিশু’ কেবল একটি প্রতিষ্ঠান নয়; এটি শত শত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর স্বাবলম্বী হয়ে ওঠার সংগ্রাম ও অগ্রযাত্রার গল্প। ‘১৮-র জয়গান’ আয়োজনের মধ্য দিয়ে বিশেষ শিশুদের অধিকার, সক্ষমতা ও সম্ভাবনাকে সমাজের মূলধারায় তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।