নুপুরকে নিয়ে ছড়িয়ে পড়া মৃত্যুর খবরকে গুজব উল্লেখ করে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাজধানীর মিরপুরের রূপনগরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত পোশাকশ্রমিক নুপুর মারা যাননি। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত তিনি শঙ্কামুক্ত।
বুধবার রাত ১০টার দিকে নুপুরের বোন ও স্বজনরা এ তথ্য জানিয়েছেন। একই সঙ্গে তাকে নিয়ে ছড়িয়ে পড়া মৃত্যুর খবরকে গুজব উল্লেখ করে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।
এর আগে বুধবার দুপুরে মিরপুরের রূপনগরের শিয়ালবাড়ী এলাকার ৫ নম্বর সড়কে নুপুরকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটে। দুপুরের খাবারের বিরতিতে বাসার উদ্দেশে যাওয়ার পথে কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে কোপায় বলে জানা যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় নুপুরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও পরিবারের পক্ষ থেকে তা নাকচ করা হয়েছে। জীবিত একজন মানুষকে নিয়ে এ ধরনের গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছেন তার স্বজনরা।