শীত আসতে না আসতেই রাজধানীর হাজারীবাগে ধুলাবালিতে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে নানা রোগবালাই। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বিশ্বের সবচেয়ে দূষিত নগরীর তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে ৯টার মধ্যে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের বৈশ্বিক সূচকে ঢাকার বায়ুমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ছিল ৩৯৫, যা ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ের। একই সময়ের তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল ভারতের কলকাতা (একিউআই ২৫৬); তৃতীয় পাকিস্তানের লাহোর (২২০); চতুর্থ ভারতের মুম্বাই (১৭২) এবং পঞ্চম পাকিস্তানের করাচি (১৭০। অর্থাৎ বিশ্বের সবচেয়ে দূষিত পাঁচ নগরীর সবগুলোই দক্ষিণ এশিয়ার চারটি দেশের শহর।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার বাতাসের দূষণ এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে সুস্থ মানুষের জন্যও বাইরে অবস্থান করা ঝুঁকিপূর্ণ। সকাল ৮টা ৩০ মিনিটের আরেকটি পর্যবেক্ষণে দেখা গেছে, ঢাকার একিউআই ৩৩৬। লাইভ সূচকের সময়ভেদে পরিবর্তনের কারণে এই পার্থক্য ঘটেছে।
আবহাওয়া অফিস জানায়, রাজধানীর বাতাসে এমন বিপজ্জনক পরিস্থিতি নতুন নয়। প্রতি বছর শীত মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ঢাকার বায়ুদূষণ বাড়তে থাকে। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত পরিস্থিতি সাধারণত সবচেয়ে খারাপ থাকে। কিন্তু এবার দূষণের মাত্রা ভয়াবহ পর্যায়ে পৌঁছলেও নগরবাসীর সুরক্ষায় সমন্বিত কোনো জরুরি কর্মসূচি দৃশ্যমান নয়। বিশ্বের বিভিন্ন দেশে বায়ুদূষণ বিপজ্জনক পর্যায়ে পৌঁছলে শিক্ষাপ্রতিষ্ঠানে সতর্কতা জারি, প্রয়োজনে সাময়িক ছুটি, নির্মাণকাজ সীমিত করা এবং যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়। ঢাকায় এমন পরিস্থিতিতে স্কুল-কলেজের শিশুদের সুরক্ষায় কার্যকর কোনো পূর্বনির্ধারিত ব্যবস্থা আছে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।
বিশ্বব্যাংকের ২০২৩ সালের পরিবেশগত বিশ্লেষণ অনুযায়ী, বৃহত্তর ঢাকা অঞ্চলে বার্ষিক গড় পিএম২.৫-এর ঘনত্ব ছিল প্রতি ঘনমিটারে প্রায় ৯২ মাইক্রোগ্রাম। অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিত বার্ষিক মাত্রা ৫ মাইক্রোগ্রাম। অর্থাৎ ঢাকার বাতাসে সূক্ষ্ম বস্তুকণার উপস্থিতি আন্তর্জাতিক স্বাস্থ্য নির্দেশিকার প্রায় ১৮ গুণ। পিএম২.৫ এতটাই সূক্ষ্ম যে শ্বাসের সঙ্গে ফুসফুসের গভীরে প্রবেশ করে রক্তপ্রবাহেও পৌঁছতে পারে। দীর্ঘদিন এমন বাতাসে বসবাস করলে হাঁপানি, ফুসফুসের রোগ, হৃদরোগ, স্ট্রোকসহ বিভিন্ন জটিলতার ঝুঁকি বাড়ে। সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ে শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্ট ও হৃদরোগে আক্রান্ত ব্যক্তিরা।
একাধিক কারণে দূষণ হচ্ছে বায়ু
ঢাকার বায়ুদূষণের পেছনে একাধিক কারণ কাজ করছে। বিশ্বব্যাংকের সহায়তায় প্রণীত জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা পরিকল্পনা ২০২৪-২০৩০-এর উৎসভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, বৃহত্তর ঢাকা অঞ্চলের স্থানীয় পিএম২.৫ দূষণে গৃহস্থালি জ্বালানি ও রান্নার চুলার অবদান ২৮ শতাংশ, বিদ্যুৎকেন্দ্রের ২৪ শতাংশ, ইটভাটার ১৩ শতাংশ, পৌর বর্জ্য উন্মুক্ত স্থানে পোড়ানোর ১১ শতাংশ, সড়কের ধুলাবালির ৮ শতাংশ এবং যানবাহনের ধোঁয়ার অবদান ৪ শতাংশ। এর বাইরে শিল্পকারখানার নির্গমন, নির্মাণকাজের ধুলা এবং আশপাশের শিল্পাঞ্চল থেকেও দূষিত কণা রাজধানীর বাতাসে যুক্ত হচ্ছে। এ ছাড়া শীতকালে বৃষ্টিপাত কমে যাওয়া, বাতাসের গতিবেগ হ্রাস এবং বায়ুমণ্ডলের নিচের স্তরে দূষিত কণা আটকে থাকার কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়।
দূষণ নিয়ন্ত্রণে সরকারের নীতিগত উদ্যোগ অবশ্য একেবারে নেই, এমন নয়। ২০২৪ সালে জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা পরিকল্পনা (২০২৪-২০৩০) গ্রহণ করা হয়েছে। এতে ২০৩০ সালের মধ্যে বৃহত্তর ঢাকা অঞ্চলে পিএম২.৫-এর মাত্রা প্রতি ঘনমিটারে ৩০ মাইক্রোগ্রামে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইটভাটা ও শিল্পকারখানার নির্গমন নিয়ন্ত্রণ, বর্জ্য পোড়ানো বন্ধ, যানবাহনের ধোঁয়া পরীক্ষা, বায়ুমান পর্যবেক্ষণব্যবস্থা সম্প্রসারণ এবং পরিবেশ আইন কার্যকরের কথা বলা হয়েছে।
বিশেষজ্ঞ অভিমত
বিশেষজ্ঞদের মতে, ঢাকার দূষণ কমাতে হলে বিচ্ছিন্ন অভিযান দিয়ে কাজ হবে না। নগর পরিকল্পনাতেও বড় ধরনের পরিবর্তন প্রয়োজন বলে মনে করেন স্থপতি ইকবাল হাবিব। প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, “ঢাকার আবাসিক, বাণিজ্যিক ও শিল্পাঞ্চলকে পরিকল্পিতভাবে বিন্যস্ত করতে হবে। খাল, জলাশয় ও উন্মুক্ত স্থান দখলমুক্ত করে সংরক্ষণ করতে হবে। পর্যাপ্ত সবুজ এলাকা, পার্ক ও বৃক্ষবেষ্টনী গড়ে তুলতে হবে। মেট্রোরেল, বাস ও অন্যান্য গণপরিবহনের মধ্যে কার্যকর সংযোগ তৈরি করে ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভরতা কমাতে হবে। নির্মাণ অনুমোদনের ক্ষেত্রেও পরিবেশগত প্রভাব মূল্যায়ন ও ধুলা নিয়ন্ত্রণের শর্ত কঠোরভাবে কার্যকর করা জরুরি”।
তার মতে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, দূষণ বিপজ্জনক পর্যায়ে পৌঁছলে কী করা হবে, সে বিষয়ে সরকারের একটি আগাম সতর্কতা ও জরুরি প্রতিক্রিয়া নীতিমালা থাকা প্রয়োজন।