বিআরবি ও আর.এ.কে ব্র্যান্ডের নাম ব্যবহার করে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই নিম্নমানের গিজার উৎপাদন ও বাজারজাত করার দায়ে রাজধানীর যাত্রাবাড়ীতে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
একই সঙ্গে প্রতিষ্ঠানটির কারখানা সিলগালা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
মঙ্গলবার রাজধানীর উত্তর যাত্রাবাড়ীতে ‘১০ এমএম বিআরবি গিজার’ নামের প্রতিষ্ঠানটির কারখানায় অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেয় বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত।
বিএসটিআই জানায়, প্রতিষ্ঠানটি বৈধ সিএম লাইসেন্স ছাড়াই নিম্নমানের গিজার উৎপাদন ও বিক্রি করে আসছিল। এ ক্ষেত্রে পণ্য বাজারজাত করতে বিআরবি ও আর.এ.কে ব্র্যান্ডের নাম ব্যবহার করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দেওয়া হচ্ছিল। এসব অনিয়মের দায়ে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা এবং কারখানাটি সিলগালা করা হয়।
সংস্থাটি জানায়, গিজার বিএসটিআইয়ের বাধ্যতামূলক মান সনদের আওতাভুক্ত ৩৩৫টি পণ্যের একটি। এ পণ্য উৎপাদন, বিক্রয় ও বিতরণের জন্য বিএসটিআইয়ের মান সনদ নেওয়া বাধ্যতামূলক। অনুমোদনহীন গিজারে নিরাপত্তাব্যবস্থার ত্রুটি থাকলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া, অগ্নিকাণ্ড, গরম পানিতে দগ্ধ হওয়া কিংবা ট্যাংক বিস্ফোরণের মতো প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারে।
বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সহযোগিতা করে। অভিযানে সংস্থাটির ফিল্ড অফিসার (সিএম) ফারদিন ইসলাম ও পরীক্ষক (মেট্রোলজি) শিখন সাহা প্রসিকিউটিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
পণ্যের মান নিশ্চিত করা এবং নিম্নমানের পণ্য উৎপাদন ও বিএসটিআইয়ের মানচিহ্নের অবৈধ ব্যবহার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।