× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার অ্যাওয়ার্ডস পেলেন ১৪১ বাংলাদেশি শিক্ষার্থী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ মিনিট আগে

অনুষ্ঠানটি আজ ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

অনুষ্ঠানটি আজ ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কেমব্রিজ ইউনিভার্সিটি বিভিন্ন পরীক্ষায় অনবদ্য সাফল্যের স্বীকৃতি হিসেবে শিক্ষার্থীদের এ সম্মাননা দিয়েছে-  প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের দ্য ইন্টারন্যাশনাল এডুকেশন গ্রুপ ও ব্রিটিশ কাউন্সিল।

এ বছরের ‘আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার অ্যাওয়ার্ডসে অসামান্য সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মোট ১৪১ জন শিক্ষার্থী। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সব মিলিয়ে ১৬৩টি পুরস্কার পেয়েছেন এসব শিক্ষার্থী। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনে অনুষ্ঠিত কেমব্রিজ আইজিসিএসই, ও লেভেল এবং ইন্টারন্যাশনাল এএস ও এ লেভেল পরীক্ষায় অসাধারণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ তাদের এ সম্মাননা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানটি আজ ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত হয়।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে নির্দিষ্ট বিষয়ে বিশ্বে সর্বোচ্চ নম্বর পেয়ে ‘টপ ইন দ্য ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড’ পেয়েছেন ৯৮ জন। আর বাংলাদেশে কোনো বিষয়ে সর্বোচ্চ নম্বর অর্জন করায় ৪৫ জন পেয়েছেন ‘টপ ইন বাংলাদেশ অ্যাওয়ার্ড।

এছাড়া একাধিক বিষয়ে সামগ্রিক ফলের ভিত্তিতে চারজন শিক্ষার্থী পেয়েছেন মর্যাদাপূর্ণ ‘বেস্ট অ্যাক্রস’ অ্যাওয়ার্ড। বাংলাদেশে তুলনামূলক কমসংখ্যক শিক্ষার্থী বেছে নেন, এমন বিষয়ে অসাধারণ ফলের জন্য ১৬ জন পেয়েছেন ‘হাই অ্যাচিভমেন্ট’স্বীকৃতি।

 কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের অংশ কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশন বিশ্বের ৪০টির বেশি দেশে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ভালো ফলের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দিয়ে থাকে। বাংলাদেশে যৌথভাবে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করেছে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের ইন্টারন্যাশনাল এডুকেশন গ্রুপ ও ব্রিটিশ কাউন্সিল।

অনুষ্ঠানের উদ্বোধন করেন কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের বাংলাদেশের কান্ট্রি লিড সারওয়াত রেজা। এ পর্বে ভিডিও বার্তা দেন কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর রড স্মিথ। ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি ডেভেলপমেন্ট ডিরেক্টর মার্টিন ডসন দেশের শিক্ষার মানোন্নয়নে যুক্তরাজ্যের সহযোগিতা এবং বাংলাদেশের সঙ্গে দেশটির দীর্ঘমেয়াদি সম্পর্ক নিয়ে কথা বলেন।

পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের রিজিওনাল ডিরেক্টর (সাউথ এশিয়া) বিনয় শর্মা বলেন, ‘প্রতি বছর শিক্ষার্থীদের এমন সাফল্য আমাদের কাজের সবচেয়ে আনন্দের দিক। প্রতিটি ভালো ফলের পেছনেই থাকে একজন শিক্ষার্থীর নিজের সামর্থ্যকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা। এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের সমর্থনও তাদের এগিয়ে যেতে সাহায্য করে। এমন ফল অর্জন করতে প্রয়োজন কঠোর পরিশ্রম ও শৃঙ্খলা। বাংলাদেশের এত সংখ্যক শিক্ষার্থীর বিশ্বে সর্বোচ্চ নম্বর পাওয়ার ঘটনা এখানকার শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনাকে তুলে ধরে।’

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, ‘শিক্ষা মানে শুধু অ্যাকাডেমিক জ্ঞান অর্জন নয়। পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়া এবং সমাজে ভূমিকা রাখার জন্য তরুণদের আত্মবিশ্বাসী হতে হবে, জানতে হবে নতুন বিষয় এবং গড়ে তুলতে হবে বিশ্লেষণী চিন্তার দক্ষতা। আজ শিক্ষার্থীদের যে সাফল্যের স্বীকৃতি দেওয়া হচ্ছে, তার পেছনে রয়েছে শিক্ষার্থী, শিক্ষক ও পরিবারের সম্মিলিত প্রচেষ্টা। আমরা আশা করি, তারা নিজেদের আরও এগিয়ে নিতে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করবে, নতুন সম্ভাবনা খুঁজে দেখবে এবং অর্জিত শিক্ষাকে কাজে লাগিয়ে ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব মার্কেট জুনায়েদ আহমেদ পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, ‘শিক্ষা ও জীবনের পরবর্তী ধাপগুলোতে শিক্ষার্থীরা এ সাফল্যকে কাজে লাগিয়ে আরও এগিয়ে যাবে বলে আমরা আশা করি।’

অনুষ্ঠানে চারটি বিভাগে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে কেমব্রিজের শিক্ষাগত যোগ্যতা একটি স্বীকৃত মানদণ্ড হিসেবে কাজ করে। এসব যোগ্যতা শিক্ষার্থীদের বিশ্লেষণী চিন্তা, নিজ উদ্যোগে গবেষণা এবং সংশ্লিষ্ট বিষয়ে গভীর জ্ঞান অর্জনে সহায়তা করে। বাংলাদেশের শিক্ষার্থীদের এ সাফল্যের পেছনে রয়েছে আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও পরিবারের সম্মিলিত প্রচেষ্টা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা