× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নগর পরিকল্পনায় উপেক্ষিত স্থানীয় সরকার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ মিনিট আগে

রাজধানীর সিরডাপ মিলনায়তনে শনিবার নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ (ইউডিজেএফবি) আয়োজিত ‘পরিকল্পিত ও টেকসই নগরায়ণে স্থানীয় সরকারের ভূমিকা’ শীর্ষক নগর সংলাপ। ছবি:

রাজধানীর সিরডাপ মিলনায়তনে শনিবার নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ (ইউডিজেএফবি) আয়োজিত ‘পরিকল্পিত ও টেকসই নগরায়ণে স্থানীয় সরকারের ভূমিকা’ শীর্ষক নগর সংলাপ। ছবি:

নগর উন্নয়নের পরিকল্পনা ও বাস্তবায়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে উপেক্ষা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, কেন্দ্রীয় উন্নয়ন কর্তৃপক্ষের একক সিদ্ধান্ত, আমলাতান্ত্রিক জটিলতা ও রাজনৈতিক দলীয়করণের কারণে সিটি করপোরেশন ও পৌরসভাগুলো কার্যকারিতা হারাচ্ছে। সিটি করপোরেশনকে কার্যত ময়লা পরিষ্কার ও মশা নিধনের প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। এতে নগরের অবকাঠামোগত সংকট বাড়ার পাশাপাশি নাগরিক দুর্ভোগও বাড়ছে।

রাজধানীর সিরডাপ মিলনায়তনে শনিবার নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ (ইউডিজেএফবি) আয়োজিত ‘পরিকল্পিত ও টেকসই নগরায়ণে স্থানীয় সরকারের ভূমিকা’ শীর্ষক নগর সংলাপে বক্তারা এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি মতিন আব্দুল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসান ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক প্রধান প্রকৌশলী ও নগর পরিকল্পনাবিদ মো. নূরুল্লাহ। আলোচনায় অংশ নেন ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান, ডিএসসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ নজরুল ইসলাম, সমকালের বিশেষ প্রতিনিধি অমিতোষ পাল, দ্য ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক হেলিমুল আলম, ইউডিজেএফবির সাবেক সহসভাপতি খালিদ সাইফুল্লাহ ও সহসভাপতি ফয়সাল খান।

অধ্যাপক আদিল মুহাম্মদ খান বলেন, স্বাধীনতার ৫৫ বছরের বেশি সময় পার হলেও নগর ব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। ২০২৬ সালের অক্সফোর্ড ইকোনমিকস গ্লোবাল সিটিজ র‍্যাঙ্কিংয়ে এক হাজার শহরের মধ্যে ঢাকার অবস্থান ৫৭৫তম। অন্যদিকে ময়মনসিংহের স্কোর ১০০-এর মধ্যে মাত্র ১৮ দশমিক ৭।

তিনি বলেন, আগে আবাসিক এলাকায় চার-পাঁচতলা ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হলেও এখন ১৪ তলা পর্যন্ত ভবন নির্মাণের অনুমতি দেওয়া হচ্ছে। অথচ বাড়তি জনসংখ্যার চাপ সামাল দিতে পানি, বিদ্যুৎ, পয়োনিষ্কাশন ও সড়ক অবকাঠামোর সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে সিটি করপোরেশনের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করা হচ্ছে না। ওয়ার্ড কাউন্সিলর না থাকায় পার্ক ও খেলার মাঠ দখল, সড়ক খোঁড়াখুঁড়িসহ নানা সমস্যায় নাগরিকরা প্রতিকার পাচ্ছেন না।

এ পরিস্থিতি থেকে উত্তরণে প্রতিটি ওয়ার্ডে ১০ থেকে ১২ সদস্যের নির্দলীয় নাগরিক সমন্বয় কমিটি গঠনের প্রস্তাব দেন তিনি। পাশাপাশি সিটি করপোরেশনকে অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানের কার্যক্রম সমন্বয়ের ক্ষমতা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

ডিএসসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ নজরুল ইসলাম বলেন, মহাপরিকল্পনা বাস্তবায়নে ওয়ার্ডভিত্তিক কর্মপরিকল্পনা থাকা জরুরি। সড়ক, ড্রেনেজ ও ফুটপাতসহ নগরের বিভিন্ন অবকাঠামোর তথ্য মানচিত্র ও ডেটাবেজে সংরক্ষণ করতে হবে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মাধ্যমে এসব উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন। একাধিক পরিকল্পনার পরিবর্তে জনস্বার্থকে প্রাধান্য দিয়ে বাস্তবভিত্তিক মহাপরিকল্পনা প্রণয়নের ওপরও গুরুত্ব দেন তিনি।

মূল প্রবন্ধে মো. নূরুল্লাহ বলেন, ১৯৬০ সালে দেশের মাত্র ৫ শতাংশ মানুষ শহরে বাস করতেন। বর্তমানে নগরবাসীর হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪২ দশমিক ৬ শতাংশে। অথচ দেশের ৫ হাজার ৪৭৯টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তদারকির দায়িত্বে স্থানীয় সরকার বিভাগের জনবল মাত্র ৯০ জন। পৌরসভাগুলোতেও অনুমোদিত পদের অর্ধেকের বেশি শূন্য রয়েছে।

নগর ও গ্রাম পরিকল্পনায় প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় ভৌত বা স্থানিক পরিকল্পনা কাউন্সিল গঠন, আধুনিক নগর ও গ্রাম পরিকল্পনা আইন প্রণয়ন এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে পরিকল্পনা বিভাগ চালুর প্রস্তাব দেন তিনি।

সংলাপ শেষে বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচ সাংবাদিককে ‘বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৬’ দেওয়া হয়। একই অনুষ্ঠানে ‘ঢাকাই’ ম্যাগাজিনের ষষ্ঠ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।

এবার অনলাইন ও প্রিন্ট বিভাগে নগর সংস্থার সেবা ও দুর্ভোগ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন ঢাকা মেইলের মোস্তাফিজুর রহমান। নগর সংস্থার অনিয়ম ও দুর্নীতি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন কালের কণ্ঠের মো. জাহিদুল ইসলাম ও এশিয়া পোস্টের লতিফুল ইসলাম। নগর পরিকল্পনা ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন ডেইলি সানের রাশেদুল হাসান। টেলিভিশন বিভাগে পুরস্কার পেয়েছেন চ্যানেল ২৪-এর গিয়াসউদ্দিন সজিব।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা