প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৭ ঘণ্টা আগে
সন্দেহভাজন হিসেবে আটক জাহাঙ্গীর। ছবি: সংগৃহীত
রাজধানীর কল্যাণপুরে পৃথক দুটি স্থানে প্রায় ১০টি পটকা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও সন্দেহভাজন হিসেবে জাহাঙ্গীর (৪০) নামে আদাবর থানা যুবদলের এক কর্মীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
দারুস সালাম থানাধীন কল্যাণপুর এলাকায় শুক্রবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, কল্যাণপুরের সাফা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনের সড়ক এবং খাজা মার্কেটের সামনের ওভারব্রিজের গোড়ায় বিস্ফোরণগুলো ঘটে। কয়েকটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা পৃথক দুটি স্থানে পটকা ও ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।
এ সময় সন্দেহভাজন হিসেবে জাহাঙ্গীরকে আটক করেন স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক জাহাঙ্গীর আদাবর থানা যুবদলের কর্মী বলে জানিয়েছে পুলিশ।
দারুস সালাম থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল জানান, কয়েকটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা দুই স্থানে প্রায় ১০টি পটকা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। এ ঘটনায় মামলা হয়েছে।
ওসি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। বিস্ফোরণে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।