সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধারের কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত সফল হয়নি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। ফাইল ছবি
সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধারের কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত সফল হয়নি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। রাজধানীর মিরপুরে ফোনটির সর্বশেষ অবস্থান শনাক্ত করে ঘটনাস্থল থেকে মাত্র ২২০ মিটার দূরে পৌঁছেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে ঠিক সেই সময় আসিফ নজরুল পুরোনো সিমটি বন্ধ করে নতুন সিম ব্যবহার শুরু করায় ফোনটির সঙ্গে ট্র্যাকিং সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
শুক্রবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।
অভিযানের বিষয়ে তিনি বলেন, বুধবার গাড়ির খোলা জানালা দিয়ে ছিনতাই হওয়া আসিফ নজরুলের মোবাইল ফোনটি বৃহস্পতিবার সকালেও সচল ছিল। প্রযুক্তির সহায়তায় ফোনটির অবস্থান শনাক্ত করে মিরপুরে এর কাছাকাছি পৌঁছে যায় এসআরবির দল। উদ্ধার অভিযানও চলছিল। কিন্তু ওই সময় আসিফ নজরুল পুরোনো সিমটি পরিবর্তন করে ফেলেন। এতে ছিনতাই হওয়া ফোনে থাকা সিমটি বন্ধ হয়ে যায় এবং ট্র্যাকিং সংযোগ বিচ্ছিন্ন হয়।
তবে বিকল্প পদ্ধতিতে ফোনটি উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
এর আগে গত বুধবার সন্ধ্যায় ধানমন্ডি থেকে নিউমার্কেট এলাকায় যাওয়ার পথে সোবহানবাগ এলাকায় যানজটে আটকে থাকা আসিফ নজরুলের চলন্ত গাড়ির খোলা জানালা দিয়ে মোবাইল ফোনটি ছিনিয়ে নেয় এক দুর্বৃত্ত। এক সেকেন্ডের মধ্যে ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ওই ব্যক্তি।
এ ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। মামলার পর থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও এসআরবি যৌথভাবে ছায়া তদন্ত এবং অভিযান পরিচালনা করছে।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। পুলিশের পাশাপাশি বিশেষায়িত অন্যান্য সংস্থাও ফোনটি উদ্ধারে কাজ করছে।
তদন্তসংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান, ছিনতাই হওয়া ফোনটি আইফোন হওয়ায় এর নিরাপত্তাব্যবস্থা ও কারিগরি জটিলতার কারণে উদ্ধারে কিছুটা সময় লাগতে পারে। তাদের ভাষ্য, সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রগুলো দামি স্মার্টফোন ছিনতাইয়ের পরপরই সেগুলোর যন্ত্রাংশ খুলে আলাদা করে ফেলে। ফলে অক্ষত অবস্থায় ফোন উদ্ধার করা কঠিন হয়ে পড়ে।
ঘটনার পর ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের বিরক্তির কথা জানান আসিফ নজরুল। তিনি লেখেন, গাড়ির জানালা খোলা থাকায় এক সেকেন্ডের মধ্যে এক তরুণ তাঁর ফোনটি ছিনিয়ে নিয়ে যায়। পাশাপাশি ওই নম্বর থেকে কেউ টাকা চাইলে বা সন্দেহজনক কোনো বার্তা পাঠালে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
রাজধানীর ব্যস্ত সড়কে চলন্ত গাড়ির জানালা দিয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা অবশ্য নতুন নয়। ২০২১ সালের ৩০ মে সন্ধ্যায় বিজয় সরণিতে একই কায়দায় তৎকালীন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের হাত থেকে তাঁর ব্যবহৃত আইফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। সে সময় ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা না থাকায় তাৎক্ষণিকভাবে ছিনতাইকারীদের শনাক্ত করতে পারেনি পুলিশ।
তবে ঘটনার প্রায় দেড় মাস পর, ১৯ জুলাই অন্য একটি ছিনতাই মামলার তদন্ত করতে গিয়ে উদ্ধার করা চোরাই ফোনের মধ্য থেকে তৎকালীন পরিকল্পনামন্ত্রীর আইফোনটি উদ্ধার করে পুলিশ।