রাজধানীর মহাখালীতে খাবার পরিবেশনে বিলম্বকে কেন্দ্র করে ‘দূরবীন বাংলা’ নামের একটি রেস্তোরাঁয় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত
রাজধানীর মহাখালীতে খাবার পরিবেশনে বিলম্বকে কেন্দ্র করে ‘দূরবীন বাংলা’ নামের একটি রেস্তোরাঁয় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সরকারি তিতুমীর কলেজের একদল শিক্ষার্থীর বিরুদ্ধে এ হামলায় জড়িত থাকার অভিযোগ উঠেছে। এ সময় রেস্তোরাঁর কর্মচারীদের মারধরের পাশাপাশি কাচ ও আসবাব ভাঙচুর করা হয়।
শুক্রবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রেস্তোরাঁর প্রবেশপথে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ভাঙা কাচের টুকরা। ভেতরে আসবাব এলোমেলো অবস্থায় পড়ে আছে। রেস্তোরাঁর দুই পাশের কাচই ভাঙা। এ সময় ঘটনাস্থলে স্থানীয় লোকজনের ভিড় দেখা যায়। গুলশান বিভাগের পুলিশের কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন।
রেস্তোরাঁর কর্ণধার সাফিন বেগ জানান, প্রথমে এক তরুণ রেস্তোরাঁয় এসে একটি খালি চেয়ারে বসেন। অথচ ওই আসনের জন্য একটি পরিবার আগে থেকেই অপেক্ষা করছিল। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে ওই তরুণের বাগ্বিতণ্ডা হয়। পরিস্থিতি সামাল দিতে রেস্তোরাঁর এক কর্মী এগিয়ে এসে তাকে অন্য আসনের ব্যবস্থা করে দেওয়ার কথা বলেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই তরুণ রেস্তোরাঁ থেকে বেরিয়ে যান।
সাফিন বেগ বলেন, ‘কিছুক্ষণ পর তিনি কয়েকজনকে সঙ্গে নিয়ে ফিরে আসেন। প্রথমে রেস্তোরাঁর বাইরে আমাদের কর্মী খলিলকে বেধড়ক মারধর করেন। এরপর শুরু হয় ভাঙচুর। পুরো ঘটনাটিই আমাদের সিসিটিভি ক্যামেরার ফুটেজে রয়েছে।’
ঘটনার সময় উপস্থিত এক স্থানীয় বাসিন্দা জানান, হইচই শুনে ঘটনাস্থলে গিয়ে তিনি অন্তত ১০০ তরুণকে ভাঙচুর করতে দেখেন। রাস্তার অপর পাশেও কয়েকজন অবস্থান করছিলেন। তিনি বলেন, ‘আমি ক্যামেরা বের করে ভিডিও ধারণ শুরু করতেই কয়েকজন আমাকে ধাওয়া দেন। এ সময় এক রিকশাযাত্রী মুঠোফোনে ভিডিও ধারণ করতে গেলে হামলাকারীরা তাকে জুতা দিয়ে মারধর শুরু করেন।’
ওই প্রত্যক্ষদর্শীর দাবি, প্রথমে তিতুমীর কলেজের কয়েকজন শিক্ষার্থী রেস্তোরাঁর কর্মচারীদের মারধর শুরু করেন। পরে আরও ১০০ থেকে ১৫০ তরুণ এসে রেস্তোরাঁয় ভাঙচুর চালান।
খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) রুহুল কবীর খানসহ পুলিশের কর্মকর্তারা।
ডিসি রুহুল কবীর খান বলেন, ‘তিতুমীরের ছেলেরা এখানে ছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সিসিটিভি ফুটেজ রয়েছে। সেগুলো পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের শনাক্তের কাজ চলছে।’
বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, খাবার অর্ডার নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে রেস্তোরাঁ কর্তৃপক্ষের ঝগড়া ও হাতাহাতি হয়। পরে শিক্ষার্থীরা আরও সহপাঠীদের ডেকে এনে রেস্তোরাঁর ভেতরে ভাঙচুর চালান।
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত রেস্তোরাঁ কর্তৃপক্ষের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা করা হয়নি।