হস্পতিবার রাজধানীর শ্যামলীতে ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের সভাকক্ষে আয়োজিত এক তরুণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদশ
সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শুধু চালকের সচেতনতা বাড়ানো যথেষ্ট নয়, প্রয়োজন কার্যকর সড়ক নিরাপত্তা আইন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি এবং সমন্বিত নিরাপদ সড়কব্যবস্থা। মানুষের ভুলের কারণে যাতে প্রাণহানি না ঘটে, সে লক্ষ্যে সেইফ সিস্টেম এপ্রোচ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বক্তারা।
বৃহস্পতিবার রাজধানীর শ্যামলীতে ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের সভাকক্ষে আয়োজিত এক তরুণ কর্মশালায় এসব কথা বলেন তারা। সড়ক নিরাপত্তা আইন ও সেইফ সিস্টেম এপ্রোচের প্রয়োজনীয়তা এবং বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর মহাসচিব লিটন এরশাদ বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শুধু চালকের সচেতনতা বাড়ালে হবে না, সড়ক ব্যবস্থাপনার প্রতিটি পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ জন্য যুগোপযোগী ও জবাবদিহিমূলক সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন এবং এর যথাযথ প্রয়োগ জরুরি। পাশাপাশি চালকদের প্রশিক্ষণ, যানবাহনের ফিটনেস নিশ্চিত করা ও ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে।
সেইফ সিস্টেম এপ্রোচের প্রয়োজনীয়তা ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন নিরাপদ সড়ক আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদ হোসেন মাগফি। তিনি বলেন, সড়ক দুর্ঘটনাকে শুধু চালকের ভুল হিসেবে দেখার সুযোগ নেই। সড়কের নকশা, যানবাহনের অবস্থা, গতি নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা ও আইন প্রয়োগসহ নানা বিষয় দুর্ঘটনার জন্য দায়ী হতে পারে।
তিনি বলেন, মানুষের ভুলের সম্ভাবনা বিবেচনায় নিয়ে এমন সড়কব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে কোনো ভুলের কারণে প্রাণহানি না ঘটে। এ জন্য নিরাপদ অবকাঠামো, নিয়ন্ত্রিত গতি, নিরাপদ যানবাহন, দায়িত্বশীল আচরণ এবং দুর্ঘটনার পর দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি সড়ক নিরাপত্তায় তরুণদের সম্পৃক্ততা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
ঢাকা আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিইংয়ের সমন্বয়কারী মারজানা মুনতাহার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের উপপরিচালক মোখলেছুর রহমান।
কর্মশালায় বিভিন্ন যুব সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধশতাধিক তরুণ অংশ নেন। এ সময় সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, নিরাপদ সড়ক গঠনে তরুণদের ভূমিকা এবং দুর্ঘটনা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।
কর্মশালায় অংশগ্রহণকারী তরুণরা কার্যকর আইন প্রণয়ন ও বাস্তবায়ন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি নিশ্চিতকরণ এবং সড়ক ব্যবস্থাপনায় নিরাপদ পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।