ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ। ফাইল ছবি
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল।
সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রবিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের অন্তত পাঁচটি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটে। এসব ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করে শাহবাগ থানা পুলিশ। আটক ব্যক্তিরা হলেন রেজাউল করিম (৪২), সোহেল রানা (৩৩) ও নাজমুস সাদ (৩৩)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন ও হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠসংলগ্ন এলাকায় দুটি ককটেল বিস্ফোরিত হয়। পরে টিএসসি এলাকায় পরপর দুটি এবং শাহবাগগামী সড়কে আরও একটি বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ছাড়া রবিবার সন্ধ্যায় রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয় ও পল্লবী থানায় ককটেল বিস্ফোরণ ঘটে। এসব ঘটনায় কেউ হতাহত না হলেও পল্লবী থানায় বিস্ফোরণে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সদস্য সামান্য আহত হন।
পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আলম আরিফ সিআইডির প্রধান কার্যালয়ে ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, মালিবাগ ফ্লাইওভার থেকে নিক্ষেপ করা ককটেলটি সিআইডি কার্যালয়ের ভেতরে স্পেশাল ব্রাঞ্চের একটি গাড়ির ওপর পড়ে বিস্ফোরিত হয়। অন্যদিকে, মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি ফ্লাইওভার থেকে পল্লবী থানার ভেতরে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।