প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৩ ১২:৪৫ পিএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৩ ১৩:০৫ পিএম
নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়েছে বিএনপির নেতাকর্মীরা। প্রবা ফটো
গণঅবস্থান কর্মসূচি পালন করতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ আশপাশের এলাকায় অবস্থান নিয়েছেন বিএনপিসহ জোটের নেতাকর্মীরা। ফলে ওই এলাকাগুলোতে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে রাজধানীজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীরা।
বুধবার (১১ জানুয়ারি) সকালে রাজারবাগ গ্রীনলাইন বাস কাউন্টারের সামনের সড়কের যানজট মৌচাক হয়ে মগবাজার এলাকায় ছড়িয়ে গেছে। একই এলাকার ফ্লাইওভারের ওপরে যান চলাচল অনেকটা বন্ধ হয়ে আছে। শান্তিনগর ও রাজারবাগ পুলিশ লাইনের সামনের ফ্লাইওভার দিয়ে নামতে পারছে না কোনো যানবাহন।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ক বন্ধ করে অবস্থান নিয়েছে বিএনপি নেতাকর্মী। আরামবাগ, ফকিরাপুল, দৈনিক বাংলা, প্রেস ক্লাবসহ আশপাশের এলাকার সড়কেও জড়ো হয়েছেন নেতাকর্মীরা। এতে মিরপুর, গাবতলী, ধানমন্ডিসহ গুলিস্তান, সায়েদাবাদ, যাত্রাবাড়ী এলাকার মানুষের মতিঝিল ও আশপাশের এলাকায় যাতায়াত করতে অনেক সময় গাড়িতে বসে থাকতে হচ্ছে।
মালিবাগ মোড়ে কথা হয় সুমন রহমান নামের এক ব্যবসায়ীর সঙ্গে। তিনি রামপুরা থেকে মতিঝিল যাচ্ছিলেন সিএনজিতে। দীর্ঘসময় বসে থেকে হেঁটে রওনা দেন। তিনি বলেন, মতিঝিল একটা ব্যাংক থেকে টাকা তুলে অন্য একটা অ্যাকাউন্টে জমা দিতে হবে। এটা না করতে পারলে ব্যবসায়িক ক্ষতি হবে। তাই বাধ্য হয়ে হেঁটেই রওনা দিয়েছি।
মৌচাক টাওয়ারের সামনে দায়িত্বরত পুলিশ সদস্য দেলোয়ার হোসেন বলেন, বিএনপির গণঅবস্থান কর্মসূচিতে প্রধান প্রধান কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এর প্রভাব ধীরে ধীরে প্রতিটি সড়কে ছড়িয়ে পড়েছে। আজ সারাদিন নগরবাসী যানজট ভোগান্তিতে থাকবে।
তিনি বলেন, রাজধানীতে ছুটির দিন ছাড়া প্রায় সব সড়কে যানজট সৃষ্টি হয়। সেখানে প্রেস ক্লাব, পল্টন, কাকরাইলসহ আশপাশের এলাকায় যান চলাচল স্বাভাবিক না থাকলে এর প্রভাব রাজধানীতে ছড়িয়ে পড়ে।