প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬ ০৮:২৪ এএম
রবিবার রাত ১২টা ৫৭ মিনিটে মহাখালী বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা সোহাগ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। ছবি: সংগৃহীত
রাজধানীর মহাখালীতে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই রাতে বনানীতে সেতু ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পৃথক এ দুই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রবিবার রাত ১২টা ৫৭ মিনিটে মহাখালী বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা সোহাগ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা শাহজাহান হোসাইন জানান, খবর পাওয়ার পর দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাসে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।
এর আগে শনিবার রাত ১০টা ২০ মিনিটের দিকে বনানীর সেতু ভবনের গার্ডরুমের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে গার্ডরুমের কাচ ভেঙে যায়।
খবর পেয়ে বনানী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত ককটেলের অবশিষ্টাংশ আলামত হিসেবে সংগ্রহ করে। এ সময় ঘটনাস্থল থেকে আরও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। সেটি নিষ্ক্রিয় করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় পুলিশ।
বনানী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) জুয়েল জানান, রাত ১০টা ২০ মিনিটের দিকে সেতু ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।