কাকরাইলের কর্ণফুলী গার্ডেন সিটি গত ১ অক্টোবর বন্ধ হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাজধানীর পুরনো বিপণিবিতানগুলোতে ক্রেতা কমছে, কমছে বিক্রিও। কোথাও ফাঁকা দোকান, কোথাও বন্ধ শাটার; অলস সময় পার করছেন বিক্রয়কর্মীরা। অথচ কমেনি দোকানভাড়া, কর্মচারীদের বেতন, বিদ্যুৎ ও সার্ভিস চার্জের খরচ। লাখ লাখ টাকা অগ্রিম দিয়ে দোকান বা পজিশন নেওয়া ব্যবসায়ীরা লোকসান সামলাতে ভাঙছেন পুঁজি। কেউ দোকান ছেড়ে দিচ্ছেন, কেউ ভাবছেন ঋণের চাপে ব্যবসা গুটিয়ে নেওয়ার কথা। সরেজমিন ঢাকার অন্তত ১৫টি পুরনো ও মাঝারি বিপণিবিতানে পাওয়া গেছে এমন সংকটের চিত্র। এরই মধ্যে ১ অক্টোবর বন্ধ হয়েছে কাকরাইলের কর্ণফুলী গার্ডেন সিটি। মার্কেটটির পরিণতি অন্য ১৪টির ব্যবসায়ীদের মধ্যেও তৈরি করেছে উদ্বেগ।
সংশ্লিষ্টরা বলছেন, সংকটের পেছনে একক কোনো কারণ নেই। মূল্যস্ফীতিতে মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়া, অনলাইন কেনাকাটার বিস্তার, আধুনিক মেগা মলের সঙ্গে প্রতিযোগিতা, দোকানভাড়া ও পরিচালন ব্যয়ের চাপ এবং মার্কেট বন্ধের (রাতে) সময়সীমাÑ সব মিলিয়ে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে পুরনো বিপণিবিতানগুলো। কোথাও অভ্যন্তরীণ বিরোধ ও ব্যবস্থাপনা নিয়ে দ্বন্দ্ব পরিস্থিতিকে করছে আরও জটিল আরও জটিল। ব্যবসায়ীদের বিনিয়োগ, পজিশনের জন্য দেওয়া অগ্রিম, ঋণ ও দীর্ঘদিনের সঞ্চয়ও পড়েছে ঝুঁকিতে।
ব্যবসায়ীরা বলছেন, ফেসবুক লাইভ ও ই-কমার্স পুরনো বিপণিবিতানের ব্যবসায় দিয়েছে বড় ধাক্কা। পোশাক, থ্রি-পিস, প্রসাধনী ও জুতাসহ নানা পণ্য এখন পাওয়া যাচ্ছে অনলাইনেই। ঘরে বসে পণ্য দেখা, অর্ডার দেওয়া ও ছাড়ে কেনার সুযোগ থাকায় ক্রেতার একটি অংশ মার্কেটে আসছে না। যানজট ঠেলে কেনাকাটা করতে যাওয়ার বদলে অনলাইনেই কিনছেন পণ্য। পাশাপাশি যমুনা ফিউচার পার্ক ও বসুন্ধরা সিটির মতো মেগা মলে কেনাকাটার সঙ্গে খাবার, বিনোদন ও সিনেমার সুবিধা থাকায় সেদিকে ঝুঁকছেন ক্রেতারা। বিপরীতে পুরনো অনেক মার্কেটে ভবন, লিফট, চলাচলের পরিবেশ ও অন্যান্য সুযোগ-সুবিধার রয়েছে ঘাটতি। ইস্টার্ন মল্লিকা ও মৌচাক মার্কেটের মতো একসময়ের ব্যস্ত বিপণিবিতানেও আগের মতো ক্রেতার ভিড় নেই। ঈদ বা উৎসবেও বেচাকেনা কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
বিক্রি কমলেও স্থায়ী ব্যয়ের চাপ কমছে না। দোকানভাড়া, সার্ভিস চার্জ, জেনারেটর ও বিদ্যুৎ বিলের পাশাপাশি কর্মচারীদের বেতন দিতে হচ্ছে নিয়মিত। ফলে নতুন পণ্য কেনার বদলে বিক্রির টাকা পুরনো খরচ মেটাতেই চলে যাচ্ছে। টুইন টাওয়ার কনকর্ড শপিং কমপ্লেক্সের কাপড় ব্যবসায়ী সোলায়মান হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আগে ঈদের সময় দম ফেলার সুযোগ থাকত না। এখন সকাল থেকে রাত পর্যন্ত বসেও ক্রেতা পাওয়া যায় না। লাখ লাখ টাকা অগ্রিম দিয়ে দোকান নিয়েছেন। অথচ কর্মচারীদের বেতন ও বিদ্যুৎ বিল দিতে হচ্ছে নিজের পকেট থেকে। লোকসান টানতে টানতে শেষ হয়ে যাচ্ছেন তারা।
ব্যবসায়ীদের অভিযোগ, বকেয়া ভাড়া ও অন্যান্য খরচ দিতে না পেরে কেউ কেউ ছেড়ে দিচ্ছেন দোকান। কোনো কোনো ব্যবসায়ী মালিক সমিতিকে না জানিয়েই রাতের আঁধারে সরিয়ে নিচ্ছেন মালামাল। ছোট ও মাঝারি ব্যবসায়ীদের কেউ ব্যাংকঋণ, কেউ চড়া সুদের ব্যক্তিগত ঋণে জড়িয়ে পড়েছেন। দীর্ঘদিন বিক্রি না থাকায় ব্যবসা চালু রাখাই কঠিন হয়ে উঠেছে।
পজেশন নিয়ে বিরোধ, উচ্ছেদের অভিযোগ
ক্রেতা সংকটের পাশাপাশি হাতিরপুলের ইস্টার্ন প্লাজায় অভ্যন্তরীণ বিরোধের অভিযোগ উঠেছে। সাধারণ পোশাক ব্যবসায়ীদের দাবি, মালিক সমিতির একটি পক্ষ দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে তাদের সরিয়ে মার্কেটকে মোবাইলকেন্দ্রিক বিপণিবিতানে রূপান্তরের চেষ্টা করছে। এ নিয়ে তারা মানববন্ধন ও সংবাদ সম্মেলনও করেছেন। তবে দোকান মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক শওকত আলী মার্কেট স্থায়ীভাবে বন্ধ হওয়ার খবর নাকচ করে বলেছেন, সামাজিক মাধ্যমে ছড়ানো খবর মিথ্যা ও ভিত্তিহীন। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত মার্কেটটির ব্যবসায়ীরা সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন।
১৫ বিপণিবিতানে সংকট
কাকরাইলের কর্ণফুলী গার্ডেন সিটি গত ১ অক্টোবর বন্ধ হয়েছে; ১৯৮টি দোকানের মধ্যে বন্ধের আগে চালু ছিল মাত্র ২৫টি। শান্তিনগরের টুইন টাওয়ার কনকর্ডে ক্রেতা ও বিক্রি কমলেও বন্ধের পরিকল্পনা নেয় বলে জানিয়েছে ওনার্স অ্যাসোসিয়েশন। ইস্টার্ন প্লাজায় ক্রেতা সংকটের পাশাপাশি রয়েছে উচ্ছেদ-আতঙ্ক ও অভ্যন্তরীণ বিরোধ। ধানমন্ডির রাপা প্লাজায় বিক্রি কমেছে, বেড়েছে পরিচালন ব্যয়ের চাপ। এলিফ্যান্ট রোডের ইস্টার্ন মল্লিকায় আগের মতো ক্রেতার ভিড় নেই। মালিবাগের মৌচাক মার্কেট ফুটপাতের সস্তা বাজার, অনলাইন কেনাকাটা ও আধুনিক মলের প্রতিযোগিতায় ক্রেতা হারাচ্ছে। গুলশানের পুলিশ প্লাজার ব্যবসায়ীদের দাবি, পাঁচ বছর আগের তুলনায় বিক্রি কমেছে প্রায় ৬০ শতাংশ। ধানমন্ডি-ঝিগাতলার সীমান্ত স্কয়ার আধুনিক মলের বিনোদন ও অন্যান্য সুবিধার সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে। মিরপুরের শাহ আলী মার্কেটে ভাড়া ও বিদ্যুৎ বিল দিতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। মালিবাগের হোসাফ টাওয়ারে ক্রেতা সংকটের পাশাপাশি রক্ষণাবেক্ষণ ব্যয় নিয়ে রয়েছে উদ্বেগ। মগবাজারের বিশাল সেন্টারে ক্রেতা কম থাকায় অলস সময় কাটাচ্ছেন বিক্রেতারা। মগবাজারের সেঞ্চুরি আর্কেড আধুনিকায়ন ও সুযোগ-সুবিধার ঘাটতিতে পিছিয়ে। শান্তিনগরের ইস্টার্ন প্লাসে আশপাশের বিপণিবিতানের মন্দার প্রভাব পড়েছে। গাফফার মার্কেটে ফুটপাতের হকার ও অনলাইন কেনাকাটার প্রতিযোগিতায় ব্যবসা চাপে। আর অনামিকা স্কয়ারে পরিচালন ব্যয় মেটাতে না পেরে দোকান ছাড়ছেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
চলমান সংকটের সবচেয়ে দৃশ্যমান উদাহরণ কর্ণফুলী গার্ডেন সিটি। ১৯৯৮ সালে চালু হওয়া মার্কেটটিতে দীর্ঘদিন ধরে বিক্রি কমছিল বলে জানান ব্যবসায়ীরা। তারা বলছেন, মগবাজার-মালিবাগ উড়ালসড়ক নির্মাণের সময় যানজট ও চলাচলের অসুবিধায় কমে যায় ক্রেতা। সাময়িকভাবে দোকান সরিয়ে নেওয়া অনেক ব্যবসায়ী আর ফেরেননি। করোনার সময়ও বন্ধ হয় শতাধিক দোকান। কিছু দোকানে নিম্নমানের প্রসাধনী বিক্রির অভিযোগে মার্কেটটির সুনাম ক্ষুণ্ন হয়। শেষ পর্যন্ত ব্যবসা টিকিয়ে রাখতে না পেরে দোকান মালিকেরা যৌথভাবে বন্ধের সিদ্ধান্ত নেন। এখন ভবন বা মালিকানার অংশ বিক্রি করে সেখানে হাসপাতাল, ব্যাংক কিংবা করপোরেট প্রতিষ্ঠান গড়ে তোলার বিষয়ে আলোচনা চলমান।
এদিকে অধিকাংশ মার্কেটের ব্যবসায়ীরা প্রতিদিনের বাংলাদেশকে বলেছেন, রাত ৮টার মধ্যে মার্কেট বন্ধের নির্দেশনায় সন্ধ্যার ক্রেতাদের একটি অংশ হারাচ্ছেন তারা। বিশেষ করে চাকরিজীবীরা অফিস শেষে কেনাকাটা করতে গিয়ে দোকান বন্ধ পাচ্ছেন। কিছু ব্যবসা প্রতিষ্ঠানের দাবি, বিক্রি কমেছে ৭০ শতাংশ পর্যন্ত।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, মূল্যস্ফীতির চাপে মানুষের ক্রয়ক্ষমতা কমেছে। সংসারের খরচ মেটাতেই হিমশিম খাচ্ছে অনেক পরিবার। আয়-রোজগার কমে যাওয়ায় কেনাকাটাও কমেছে। এর সঙ্গে দোকান বন্ধের সময়সীমা যুক্ত হয়ে ব্যবসায়ীদের সংকট বাড়িয়েছে। কোনো মার্কেট সন্ধ্যা ৬টা, কোনোটি ৭টা, আবার কোনোটি রাত ৮টার মধ্যে বন্ধ করতে হচ্ছে।
তিনি আরও বলেন, সরকার দোকান ও মার্কেট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সুযোগ দেবে বলে তারা আশা করছি। সময় বাড়লে ব্যবসায়ীরা কিছুটা স্বস্তি পাবেন। তবে শুধু সময় বাড়ালেই পুরনো বিপণিবিতানগুলো দ্রুত আগের অবস্থায় ফিরবে না। দীর্ঘদিনের মন্দা কাটাতে সময় লাগবে। আপাতত ব্যবসা টিকিয়ে রাখাই বড় চ্যালেঞ্জ।