মাদক কারবারের সঙ্গে জড়িত কোনো ব্যক্তির রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
তিনি বলেছেন, মাদক কারবারের সঙ্গে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের সম্পৃক্ততা রয়েছে। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে মাদক কারবারে জড়িত ব্যক্তিদের মুখোশ উন্মোচন করে বিচারের মুখোমুখি করা উচিত।
ইশরাক হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে আমার যুদ্ধ অব্যাহত থাকবে।” মাদক কারবারের সঙ্গে কারও রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্ডার অঞ্চল থেকে নানা কৌশলে সারাদেশে মাদক ছড়িয়ে দেওয়া হচ্ছে। এর সঙ্গে কিছু নামকরা পরিবহনের সম্পৃক্ততার কথা শোনা যাচ্ছে। একই সঙ্গে কিছু ভূঁইফোড় ফার্মাসিউটিক্যাল কোম্পানির বিরুদ্ধেও মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
শুক্রবার ঢাকার তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, মাদকের হটস্পটগুলোতে ক্ষমতাসীন দলের মিথ্যা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কিছু কুচক্রী মহল মাদক কারবার পরিচালনা করে। একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে জিওপলিটিক্স ব্যবহার করে মাদক ছড়িয়ে দিয়ে সমাজ ও জাতিকে ধ্বংসের পাঁয়তারা করছে।
মাদকাসক্ত ব্যক্তিরা জঘন্য ও নৃশংস অপরাধে জড়িয়ে পড়ছে উল্লেখ করে তিনি শিশু রামিসা হত্যাকাণ্ড এবং বহুল আলোচিত ঐশির ঘটনার প্রসঙ্গ তুলে ধরেন। তাঁর মতে, মাদকের বিরূপ প্রভাবের কারণে এ ধরনের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টায় মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি বলেন, বাংলাদেশে মাদকের সহজলভ্যতা এর বিস্তার বৃদ্ধির অন্যতম কারণ। হাত বাড়ালেই এখন গাঁজা, ইয়াবাসহ উচ্চমূল্যের বিভিন্ন মাদক পাওয়া যাচ্ছে। ইয়াবা শহর থেকে গ্রাম, পাড়া-মহল্লায় মহামারি আকারে ছড়িয়ে পড়ছে। এমনকি অনলাইনে অর্ডার দিলে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে মাদকদ্রব্য।
মূল প্রবন্ধে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, মাদক ও অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। ক্ষমতার পালাবদলের সঙ্গে মাদক কারবারিরা তাদের রাজনৈতিক রং পরিবর্তন করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তাই রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কোনো মাদক কারবারি যাতে সুবিধা নিতে না পারে, সে বিষয়ে সরকারকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযানে মাদকসেবী, মাদক বহনকারী ও ছোট কারবারিরা ধরা পড়লেও মূল হোতারা সব সময় ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। মাদক পরিবহনে এখন নানা কৌশল ব্যবহার করা হচ্ছে। কখনো দোকানের আড়ালে, কখনো ভ্রাম্যমাণ দোকানে, আবার কখনো ব্যক্তির শরীরে কিংবা যাত্রীবাহী যানবাহনের গোপন চেম্বারে লুকিয়ে মাদক আনা-নেওয়া করা হচ্ছে। এমনকি পাকস্থলীর ভেতরে ও মোবাইল ফোনের ব্যাটারির চেম্বারেও ইয়াবা বহন করা হচ্ছে।
মাদক নিয়ন্ত্রণে শুধু সরকার কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে সফল হওয়া সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, এ জন্য রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সেমিনারে অতিথি হিসেবে বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ ও মনোচিকিৎসা বিদ্যার অধ্যাপক ডা. এম এ মোহিত কামাল।
শুভেচ্ছা বক্তব্য দেন একাত্তর টেলিভিশনের বার্তাপ্রধান শাহ আজিজুর রহমান কিরণ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ডিবেটিং সোসাইটির সভাপতি মো. মুন্না হুসাইন এবং ইডেন মহিলা কলেজ বিতর্ক দলের দলনেতা মাসনুন নাবিলা আলম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক জাতীয় বিতার্কিক মো. কাউছার আলম। ‘মাদককে না বলি, মাদকমুক্ত বাংলাদেশ গড়ি’ স্লোগানে আয়োজিত এ সেমিনারে সহযোগিতা করে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ডিবেটিং সোসাইটি ও ইডেন মহিলা কলেজ ডিবেটিং ক্লাব।