ঢাকার উত্তরায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ঘুষ গ্রহণ ও মালামাল জব্দের অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এক নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছেন উপস্থিত জনতা।
উত্তরা ৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের মোড়ের পাকার মাথা এলাকায় বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমা ডিএনসিসির আওতাধীন এলাকায় ফুটপাত উচ্ছেদ ও দখলমুক্ত রাখার দায়িত্বে রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার দুপুরে জসিমউদ্দিন সড়কের পাকার মাথা এলাকায় সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের নিয়ে ফুটপাত উচ্ছেদ অভিযান শুরু করেন তিনি। এ সময় তার সঙ্গে পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য ছিলেন না। অভিযান চলাকালে হকার ও ব্যবসায়ীরা টাকা নেওয়া এবং মালামাল জব্দের অভিযোগ তোলেন। একপর্যায়ে উত্তেজিত লোকজন ম্যাজিস্ট্রেট ও তার এক সহযোগীর ওপর হামলা চালান।
এক হকারের অভিযোগ, আগের দিন তার দোকান থেকে নগদ টাকা ও সিগারেটসহ প্রায় ২০ হাজার টাকার মালামাল নেওয়া হয়। এর আগে সিটি করপোরেশনের নামে পাঁচ হাজার টাকা নেওয়া হলেও রসিদ দেওয়া হয়নি।
আরেক দোকানদারের দাবি, এক হাজার টাকা দেওয়ার পরও তার দোকান থেকে গ্যাসের সিলিন্ডার ও ব্যাটারি নেওয়া হয়।
অভিযানের সময় কম জরিমানা করিয়ে দেওয়ার আশ্বাসে এক দোকানদারের কাছ থেকে দেড় হাজার টাকা নেওয়ার অভিযোগও ওঠে।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘুষ নেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করে ম্যাজিস্ট্রেট বলেন, “আমি তাকে সময় দিয়ে অন্যদিকে চলে আসি। তার কাছ থেকে কোনো টাকা নিইনি।”