শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত সহযোগিতায় মিরপুরকে সুন্দর, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল এলাকা হিসেবে গড়ে তুলতে চান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান।
এ জন্য নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
বুধবার মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ প্রত্যয় ব্যক্ত করেন ডিএনসিসি প্রশাসক।
শফিকুল ইসলাম খান বলেন, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের আন্তরিক সহযোগিতা ছাড়া মিরপুরের দীর্ঘদিনের নাগরিক ও অবকাঠামোগত সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।
আদর্শ উচ্চ বিদ্যালয়ের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা তুলে ধরে প্রশাসক বলেন, প্রতিষ্ঠানটিকে সবসময় নিজের স্কুলের মতো মনে করেন তিনি। বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজনে স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করেছেন। অতীতে বিদ্যালয়ের বিভিন্ন কমিটি নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনেও অভিভাবক ও শিক্ষকদের প্রত্যাশা অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করেছেন। মিরপুরের মতো জনবহুল এলাকায় বিদ্যালয়টির ঐতিহ্য ও শিক্ষার পরিবেশ রক্ষায় সিটি করপোরেশন পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
মিরপুরের উন্নয়ন কর্মকাণ্ড প্রসঙ্গে প্রশাসক বলেন, ফুটপাত দখলমুক্ত করায় সাধারণ পথচারী, নারী ও শিক্ষার্থীরা এখন তুলনামূলক স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে চলাচল করতে পারছেন। গার্লস আইডিয়াল স্কুলের সামনে দীর্ঘদিন ধরে অসমাপ্ত থাকা ফুটওভার ব্রিজের কাজ আগামী ৩০ নভেম্বরের মধ্যে শেষ করা হবে। এতে শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপারের সুযোগ তৈরি হবে।
এ ছাড়া মিরপুর-১ কাঁচাবাজারসংলগ্ন প্রধান সড়কের যানজট ও জনদুর্ভোগ কমাতে সড়ক এবং ফুটপাত সংস্কারের কাজ দ্রুত বাস্তবায়ন করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরে শিক্ষক ও মা-বাবার প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান প্রশাসক। যত্রতত্র ময়লা ও চিপসের প্যাকেট না ফেলে ডাস্টবিনে কিংবা নিজের সঙ্গে থাকা ব্যাগে রাখার পরামর্শ দেন তিনি। আগামী বছরের পাঠ্যপুস্তকে ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতা ও নাগরিক দায়িত্ববোধের বিষয়গুলো যুক্ত থাকবে বলেও জানান।
তিনি বলেন, দুই কোটি মানুষের এই বিশাল শহরে শুধু সিটি করপোরেশনের পক্ষে রাস্তাঘাট পরিষ্কার রাখা ও মশা নিয়ন্ত্রণ করা কঠিন। পরিচ্ছন্ন ঢাকা গড়তে নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে।
এলাকাবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে প্রশাসক বলেন, “আপনাদের যেকোনো সমস্যা আমার সাধ্যের মধ্যে থাকলে এক সেকেন্ডও দেরি না করে সমাধান করে দেব।”
অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি।