× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যেভাবে শুরুতেই ঠেকানো সম্ভব এডিস মশার বিস্তার, যা বলছে জরিপ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ১৯:০৬ পিএম

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬ ১৯:১০ পিএম

এডিস মশা। ছবি: রয়টার্স

এডিস মশা। ছবি: রয়টার্স

নাগরিকরা বাসাবাড়ি ও আশপাশের জমে থাকা পানি নিয়মিত অপসারণ এবং পাত্র পরিষ্কারের বিষয়ে সচেতন হলেই প্রাথমিক পর্যায়ে ৫০.৯ শতাংশ এডিস মশার বিস্তার প্রতিরোধ করা সম্ভব।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বর্ষাকালীন এডিস মশার লার্ভা জরিপ ২০২৬-এর ফলাফলে এ তথ্য উঠে এসেছে।

নগর ভবন অডিটোরিয়ামে জরিপের ফলাফল প্রকাশ ও পরবর্তী কর্মপরিকল্পনা নিয়ে বুধবার আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন ডিএসসিসির প্রশাসক মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

ডিএসসিসি এলাকায় এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত ১২ দিনব্যাপী এ জরিপ পরিচালনা করা হয়। বৈজ্ঞানিক পদ্ধতিতে দৈবচয়নের ভিত্তিতে ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডের প্রতিটি থেকে ৩০টি করে মোট ২ হাজার ২৫০টি বাড়ি নমুনা হিসেবে নেওয়া হয়। জরিপে ডিএসসিসি ও স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার ৩৬ জন মাঠকর্মী অংশ নেন।

সংগৃহীত তথ্যের নির্ভুলতা নিশ্চিত করতে আধুনিক ‘কবো টুলবক্স’ ব্যবহার করা হয়। জরিপের ফলাফল ব্রেটো ইনডেক্স (বিআই), হাউস ইনডেক্স (এইচআই), কন্টেইনার ইনডেক্স (সিআই) ও পিউপা ইনডেক্স (পিআই) দিয়ে বিশ্লেষণ করা হয়েছে। এসব সূচকের মাধ্যমে ডেঙ্গুর হটস্পট চিহ্নিত করা হয়।

জরিপে দেখা গেছে, পরিদর্শন করা ২ হাজার ২৫০টি বাড়ির মধ্যে ৩২২টিতে এডিস মশার লার্ভা ও পিউপা পাওয়া গেছে। ভবনের ধরন অনুযায়ী বহুতল ভবনে ৩১.০৬ শতাংশ, স্বতন্ত্র বাড়িতে ৩১.৩৭ শতাংশ, সেমিপাকা বাড়িতে ১৭.৩৯ শতাংশ, খালি প্লটে ৭.১৪ শতাংশ এবং নির্মাণাধীন বাড়িতে ১৩.০৪ শতাংশ লার্ভার উপস্থিতি পাওয়া গেছে।

লার্ভার উপস্থিতির ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে প্লাস্টিকের বিভিন্ন পাত্র ও জমে থাকা পানি। জরিপে প্লাস্টিক বালতিতে ১৪.২১ শতাংশ, প্লাস্টিক ড্রামে ১১.২২ শতাংশ, বেইজমেন্টে জমে থাকা পানিতে ৯.৯৮ শতাংশ, প্লাস্টিক মগে ৯.২৩ শতাংশ এবং ফুলের টবে ৫.৯৯ শতাংশ লার্ভা পাওয়া গেছে।

জরিপের ফলাফলের ভিত্তিতে ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডকে লার্ভার ঘনত্ব অনুযায়ী তিনটি ঝুঁকির শ্রেণিতে ভাগ করা হয়েছে। এর মধ্যে ২৯টি ওয়ার্ড অধিক ঝুঁকিপূর্ণ, ২৮টি মাঝারি ঝুঁকিপূর্ণ এবং ১৮টি সাধারণ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে।

অধিক ঝুঁকিপূর্ণ ওয়ার্ড: ১, ২, ৯, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৯, ২০, ২১, ২২, ২৪, ২৫, ২৬, ২৭, ৩১, ৫৩, ৫৪, ৫৫, ৫৬, ৫৮, ৫৯, ৬০, ৬১, ৬২, ৬৫ ও ৭১।

মাঝারি ঝুঁকিপূর্ণ ওয়ার্ড: ৪, ৫, ৬, ৮, ১০, ১৮, ২৩, ২৯, ৩০, ৩২, ৩৩, ৩৫, ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪৩, ৪৬, ৫১, ৫২, ৫৭, ৬৪, ৬৭, ৬৮, ৬৯, ৭৩ ও ৭৫।

সাধারণ ঝুঁকিপূর্ণ ওয়ার্ড: ৩, ৭, ১৭, ২৮, ৩৪, ৪১, ৪২, ৪৪, ৪৫, ৪৭, ৪৮, ৪৯, ৫০, ৬৩, ৬৬, ৭০, ৭২ ও ৭৪।

প্রেস ব্রিফিংয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। এ জন্য নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ, বাসাবাড়ি ও কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখা এবং সপ্তাহে অন্তত একদিন জমে থাকা পানি অপসারণের অভ্যাস গড়ে তোলা জরুরি।

তিনি গণমাধ্যমের মাধ্যমে সঠিক তথ্য ও সচেতনতামূলক বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সংবাদকর্মীদের সহযোগিতা প্রত্যাশা করে বলেন, নাগরিক সচেতনতা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গুমুক্ত, নিরাপদ ও স্বাস্থ্যকর ঢাকা গড়ে তোলা সম্ভব।

প্রশাসক আরও জানান, জরিপের ফলাফলের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ মশক নিধন অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি প্রতি শনিবার ডিএসসিসির নিয়মিত ‘ক্লিনিং ডে’তে শিশুদের ডেঙ্গু থেকে সুরক্ষায় সব প্রাথমিক বিদ্যালয়ের আঙিনা ও টয়লেট পরিষ্কারের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, সচিব মো. মশিউর রহমান খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌস বিনতে রহমানসহ বিভাগীয় ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা