দুর্বৃত্তদের হামলায় আহত ডিএমপির পিওএম উত্তর বিভাগের কনস্টেবল মো. শায়নুনকে দেখতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে (সিপিএইচ) গেছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
বুধবার বেলা সাড়ে ১১টায় হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন পুলিশ সদস্যের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। এ সময় শায়নুনের চিকিৎসার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন ডিএমপি কমিশনার।
পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মিরপুরে আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ, অবাধ চলাচল ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের হামলায় আহত হন কনস্টেবল শায়নুন। বর্তমানে তিনি হাসপাতালের অর্থোপেডিক বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
পরিদর্শনকালে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) মুহাম্মদ মুসলিমসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।