রাজধানীর মিরপুরে এক পুলিশ সদস্যকে একা পেয়ে পিটিয়ে আহত করেছেন আন্দোলনরত পোশাকশ্রমিকরা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
রাজধানীর মিরপুরে এক পুলিশ সদস্যকে একা পেয়ে পিটিয়ে আহত করেছেন আন্দোলনরত পোশাকশ্রমিকরা। আহত কনস্টেবল মো. সাইমন রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন।
কালশী রোডে মঙ্গলবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হামলার একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি লাঠি দিয়ে ওই পুলিশ সদস্যকে মারধর করছেন। এ সময় কয়েকজন হামলাকারীদের দমন করার চেষ্টা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লবী থানার ওসি বলেন, “মিরপুর-১১ এলাকা থেকে শ্রমিকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করা হলে তারা কালশীর দিকে সরে যান। এ সময় পল্লবী থানা থেকে পুলিশ সদস্যরা মিরপুর-১১-এর দিকে যাচ্ছিলেন। পথে দলছুট অবস্থায় পেয়ে এক কনস্টেবলের ওপর হামলা চালানো হয়।”
এর আগে সকাল ১০টার দিকে মিরপুর-১১ মেট্রো স্টেশনের নিচে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। জবাবে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ ঘটনায় অন্তত চারজনকে আটক করে পুলিশ।