গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ, সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির প্রসারে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬।’ আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী এই এক্সপোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখবেন এবং সৌরবিদ্যুৎ খাতের আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবন সম্পর্কে খোঁজখবর নেবেন।
‘প্রতি ইঞ্চি ছাদ কাজে লাগাই, সৌরবিদ্যুতে আয় বাড়াই’Ñ এই প্রতিপাদ্যে বিদ্যুৎ বিভাগ; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) যৌথভাবে এ আয়োজন করেছে। আয়োজকদের প্রত্যাশা, এ প্রদর্শনীর মাধ্যমে সৌরবিদ্যুৎ খাতের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিনিয়োগকারী, উদ্যোক্তা, আর্থিক প্রতিষ্ঠান ও প্রযুক্তি সরবরাহকারীদের মধ্যে কার্যকর যোগাযোগ ও অংশীদারত্ব তৈরি হবে।
সবার জন্য উন্মুক্ত এই এক্সপোতে সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারের আধুনিক প্রযুক্তি, যন্ত্রপাতি এবং বিভিন্ন উদ্ভাবনী সমাধান প্রদর্শন করা হবে। এর মধ্যে থাকবে সৌর প্যানেল, ইনভার্টার, উন্নত ব্যাটারি সংরক্ষণ ব্যবস্থা, স্মার্ট গ্রিড প্রযুক্তি এবং সৌরবিদ্যুৎ ব্যবস্থার অন্যান্য আধুনিক সরঞ্জাম।
এক্সপো উপলক্ষে সৌরবিদ্যুতের সম্প্রসারণ ও নবায়নযোগ্য জ্বালানির ভবিষ্যৎ নিয়ে চারটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে। এসব সেমিনারে দেশের জ্বালানি মিশ্রণে সৌরবিদ্যুতের অংশ বাড়ানো, ছাদে সৌর প্যানেল স্থাপন, অব্যবহৃত জমির ব্যবহার এবং সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।
এ ছাড়া সবুজ অর্থায়ন ও জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিট, সৌরচালিত সেচব্যবস্থা, কর ও শুল্ক সুবিধা এবং এ খাতে দক্ষ জনবল তৈরির বিষয়গুলোও আলোচনায় গুরুত্ব পাবে। নীতিনির্ধারক, সরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী, আর্থিক প্রতিষ্ঠান, প্রযুক্তি সরবরাহকারী, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা এসব আলোচনা ও মতবিনিময়ে অংশ নেবেন।