প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ ১৮:৫৯ পিএম
টিএমজিবির নতুন সভাপতি মাসুদ রুমী ও সাধারণ সম্পাদক বিশ্বজিত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)-এর ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন কালের কণ্ঠের ডেপুটি এডিটর মো. মাসুদ রুমী এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার কুমার বিশ্বজিত রায়।
সোমবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংগঠনটির দ্বিবার্ষিক নির্বাচনে তাঁরা নির্বাচিত হন। একই সঙ্গে অন্যান্য পদেও নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে।
নির্বাচিত প্রার্থীদের আনুষ্ঠানিক নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ। এসময় নির্বাচন কমিশনার ও বাক্কোর সভাপতি তানভীর ইব্রাহিম, টিএমজিবির ট্রাস্টি বোর্ডের সদস্য এস এম আফসারুল ইসলামসহ সংগঠনের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
টিএমজিবির কার্যনির্বাহী পর্ষদের নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি পদে টেকভিশন ২৪ ডটকমের ব্যবস্থাপনা সম্পাদক গোলাম দাস্তগীর (তৌহিদ)। যুগ্ম সম্পাদক পদে ডিজিবাংলার বার্তা সম্পাদক বদরুদ্দোজা মাহমুদ তুহিন, কোষাধ্যক্ষ পদে আরটিভির সহকারী বার্তা সম্পাদক মাহদী হাসান শিমুল, সাংগঠনিক সম্পাদক পদে টেকশহর ডটকমের রিপোর্টার ও ব্রডকাস্ট জার্নালিস্ট রাশেদ ইমাম এবং প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক পদে সারাবাংলা ডটনেটের সিনিয়র করেসপন্ডেন্ট ফারহানা হক নীলা।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্যের দুটি পদে দৈনিক সংবাদের সিনিয়র রিপোর্টার ও টিএমজিবির সদ্য সাবেক সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন এবং টিবিএসের হেড অব মাল্টিমিডিয়া এনামুল হক মজুমদার (মজুমদার বাবু) নির্বাচিত হয়েছেন।
আনুষ্ঠানিক ফল ঘোষণার পর দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান হয়। এতে বিদায়ী কমিটির সদস্যদের ধন্যবাদ জানানো হয়। অনুষ্ঠানে নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশন ও নির্বাচন কমিশনের সদস্যদের হাতে ক্রেস্ট তুলে দেন কার্যনির্বাহী কমিটির সদস্যরা।