মেডিক্যাল প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ ১৭:১৫ পিএম
ছবি: এআই দিয়ে তৈরি
রাজধানীর কদমতলীর রায়েরবাগে দ্রুতগতির দুই গাড়ির প্রতিযোগিতার মধ্যে পড়ে মো. আমিরুল ইসলাম (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার দুপুর পৌনে ২টার দিকে রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
আমিরুলকে হাসপাতালে নিয়ে আসা পথচারী ইমরান ফকির জানান, রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচ দিয়ে দ্রুতগতিতে দুটি গাড়ি প্রতিযোগিতা করে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে আমিরুল অন্য একটি দ্রুতগতির গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্স থেকে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। আমিরুলের গ্রামের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার চরপাড়া এলাকায়। তিনি ওই এলাকার মো. ইউসুফ আলীর ছেলে। বর্তমানে তিনি পরিবার নিয়ে রাজধানীর শ্যামপুরের ফরিদাবাদ এলাকার ৪৪২/২ নম্বর বাসায় বসবাস করতেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে বলেন, “নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে”।