× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিরপুর থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়ার পর যান চলাচল স্বাভাবিক: পুলিশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ১৭:০২ পিএম

মিরপুর থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়ার পর যান চলাচল স্বাভাবিক: পুলিশ

ঢাকার মিরপুরে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিয়েছে পুলিশ।

রবিবার সকালে মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চার থেকে পাঁচজন পুলিশ সদস্য রয়েছেন।

এদিন সকাল থেকে বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। এতে ওই এলাকার যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, আন্দোলনকারীদের সড়ক থেকে সরাতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও বাঁশি ব্যবহার করেছে।

তিনি জানান,শ্রমিকদের মজুরি নির্ধারণে সরকার মজুরি বোর্ড গঠন করেছে এবং এই বোর্ডের মাধ্যমেই দাবি-দাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তাদের বোঝানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু শ্রমিকেরা সড়ক ছাড়তে রাজি না হওয়ায় জনভোগান্তি কমাতে পুলিশ অভিযান চালায়।

তিনি আরও দাবি করেন, এ সময় কোনো লাঠিচার্জ করা হয়নি, কাউকে আটকও করা হয়নি এবং পুলিশের কোনো সদস্য আহত হননি।

তবে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া ও মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

এ ঘটনায় ১৫ থেকে ২০ জনকে আটকের কথাও জানিয়েছেন ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার।

এর আগে সকাল ১১টা ১৫ মিনিটের দিকে সংঘর্ষ শুরু হয়। পুলিশ শ্রমিকদের সরানোর চেষ্টা করলে একপর্যায়ে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পুলিশ জলকামান, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। প্রায় আধা ঘণ্টা ধরে চলে ধাওয়া-পাল্টাধাওয়া।

সংঘর্ষের একপর্যায়ে মিরপুর-১১ নম্বরে পুরবী সিনেমা হলের কাছে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এদিকে শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণে ন্যূনতম মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, এই বোর্ডের মাধ্যমে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা হবে। তবে শ্রমিকদের মূল দাবি, বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ করা।

এর আগে শনিবারও একই দাবিতে মিরপুরের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা