উচ্ছেদ অভিযানের একদিন পরই রাজধানীর নিউমার্কেট এলাকায় আবারও ফুটপাত ও সড়কের পাশে দোকান নিয়ে বসেছেন হকাররা।
হকার উচ্ছেদে অভিযান চালানোর একদিন পার না হতেই রাজধানীর নিউমার্কেট এলাকায় আবারও ফুটপাত ও সড়কের পাশে বসতে শুরু করেছেন হকাররা। আগের মতোই ফুটপাতজুড়ে দোকান সাজিয়ে পণ্য বিক্রি করতে দেখা গেছে তাদের।
এতে পথচারীদের চলাচলে ভোগান্তি তৈরি হওয়ার পাশাপাশি উচ্ছেদ অভিযানের স্থায়িত্ব ও কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে।
একদিকে ফুটপাত দখলমুক্ত রাখার উদ্যোগ, অন্যদিকে উচ্ছেদের পরপরই হকারদের ফিরে আসা-নিউমার্কেট এলাকার সড়ক ব্যবস্থাপনায় পুরোনো চিত্রই যেন আবার ফিরে এসেছে।
উচ্ছেদ অভিযানে ফুটপাত থেকে হকারদের দোকান সরিয়ে দেওয়া হয়েছিল। তাদের বসা ঠেকাতে ফুটপাতে বসানো হয়েছিল শতাধিক গাছের চারাও। কিন্তু সেই উদ্যোগের ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই আবারও ফুটপাত ও সড়কের পাশে ফিরতে শুরু করেছেন হকাররা।
রবিবার নিউমার্কেট এলাকায় গিয়ে দেখা যায়, বিভিন্ন স্থানে দোকান নিয়ে বসেছেন তারা। ফলে একদিন আগের উচ্ছেদ অভিযান কতটা কার্যকর হয়েছে, তা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
শনিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে নিউমার্কেট এলাকায় উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির প্রশাসক মো. আবদুস সালাম। এ সময় ফুটপাত ও সড়ক থেকে হকারদের দোকান ও মালামাল সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি নিউমার্কেটের ২ নম্বর থেকে ৪ নম্বর গেট পর্যন্ত ফুটপাতে বস্তা ও ড্রামে লাগানো শতাধিক গাছের চারা বসানো হয়।
অভিযান শেষে ডিএসসিসির পক্ষ থেকে জানানো হয়, নীলক্ষেত মোড় থেকে নিউমার্কেটের ৪ নম্বর গেট এবং প্রিয়াঙ্গন সুপার মার্কেট থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। প্রশাসক আবদুস সালাম হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, সড়ক ও ফুটপাত দখল করে কেউ ব্যবসা পরিচালনা করলে মালামাল জব্দসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তার ভাষ্য, যত দিন হকাররা রাস্তায় বসবেন, তত দিন উচ্ছেদ অভিযান চলবে।
রাজধানীর ফুটপাত দখলমুক্ত রাখার উদ্যোগ নতুন নয়। বিভিন্ন সময়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন উচ্ছেদ অভিযান চালালেও কিছুদিনের মধ্যেই অনেক এলাকায় হকাররা ফিরে আসেন।