শ্রমিক অবরোধ
সার্বিক পরিস্থিতি বিবেচনায় গাজীপুরে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ছবি: ভিডিও থেকে
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল।
রবিবার সকালে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ দেওয়ার পর বেরিয়ে এসে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এ সময় আন্দোলনকারীরা মহানগরীর কোনাবাড়ী ফ্লাইওভারের নিচে অবস্থিত একটি পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গাজীপুরের বিভিন্ন এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। প্রাথমিকভাবে পাঁচ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। আগামী ৭ নভেম্বর পর্যন্ত মহাসড়ক এলাকায় বিজিবি মোতায়েন থাকার কথা রয়েছে।
রবিবার সকালে শ্রমিকেরা নিজ নিজ কারখানায় কাজে যোগ দেন। পরে বিভিন্ন কারখানা থেকে বের হয়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। এতে চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, সফিপুর, মৌচাক, কোনাবাড়ী ও কাশিমপুর এলাকার শিল্পাঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতির কারণে এসব এলাকার অধিকাংশ কারখানা ছুটি ঘোষণা করে।
একপর্যায়ে হাজার হাজার শ্রমিক লাঠিসোঁটা হাতে মহাসড়কে অবস্থান নিলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের বিভিন্ন অংশে তীব্র যানজট সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।
পুলিশ, কারখানার শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত দুই সপ্তাহ ধরে কোনাবাড়ী, মৌচাক, সফিপুরসহ গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ করে আসছেন। এরই মধ্যে শ্রমিকদের বেতন বাড়ানোর বিষয়ে সরকার নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে। তবে এ সিদ্ধান্তের পরও বিভিন্ন কারখানায় শ্রমিক অসন্তোষ কমেনি।
গত শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে রাখেন। রাতে তারা সড়ক ছেড়ে দিলেও রোববার সকাল থেকে আবারও অবরোধ শুরু করেন।
কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইফতেখার হোসেন জানান, শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছেন। এ সময় কোনাবাড়ী ফ্লাইওভারের নিচে থাকা একটি পুলিশ বক্সে আগুন দেওয়া হয়েছে।
এদিকে সার্বিক পরিস্থিতি বিবেচনায় গাজীপুরে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রয়োজন হলে বিজিবির প্লাটুনের সংখ্যা আরও বাড়ানো হতে পারে।
রবিবার সকালে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গাজীপুরের কালিয়াকৈর ও সফিপুর এলাকায় বিজিবি সদস্যরা মোতায়েন হয়েছেন। পাঁচ প্লাটুন বিজিবি মূলত শিল্প পুলিশকে সহযোগিতা এবং সংশ্লিষ্ট এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করবে।
তবে পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ ঠেকাতেই বিজিবি মোতায়েন করা হয়েছে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু জানাননি।