× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুলশান সোসাইটির আয়োজনে নৃত্যনাট্য ‘শকুন্তলা’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ২২:৪০ পিএম

গুলশান সোসাইটির আয়োজনে নৃত্যনাট্য ‘শকুন্তলা’

প্রাচীন মহাকাব্য মহাভারতের অন্যতম আলোচিত চরিত্র শকুন্তলাকে ঘিরে প্রেম, বিরহ, স্মৃতিভ্রম ও পুনর্মিলনের এক মনোমুগ্ধকর পৌরাণিক আখ্যান ‘শকুন্তলা’। তপোবনে বেড়ে ওঠা এই আশ্রমকন্যার বেদনাবিধুর জীবন ও প্রেমের গল্প ধ্রুপদি নৃত্যনাট্যের মাধ্যমে প্রাণবন্ত হয়ে উঠেছে রাজধানীর গুলশান লেক পার্কে। 

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় গুলশান সোসাইটির আয়োজনে মঞ্চস্থ হয় নৃত্যনাট্যটি।

রাজর্ষি বিশ্বামিত্র ও স্বর্গীয় অপ্সরা মেনকার কন্যা শকুন্তলা। তপোবনে বেড়ে ওঠা শকুন্তলার সঙ্গে একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রাজা দুষ্মন্তের। পরে তাদের বিয়ে হয় এবং শকুন্তলা সন্তানসম্ভবা হন। কিন্তু ঋষি দুর্বাসার অভিশাপে দুষ্মন্ত শকুন্তলাকে ভুলে যান এবং তাকে স্ত্রী হিসেবে অস্বীকার করেন। এতে তাদের প্রেমের সম্পর্কে নেমে আসে বিচ্ছেদ ও বেদনার অধ্যায়। অবশেষে হারিয়ে যাওয়া রাজকীয় আংটি ফিরে পাওয়ার মধ্য দিয়ে দুষ্মন্তের স্মৃতি ফিরে আসে এবং ভাগ্যনির্ধারিত পুনর্মিলনের পথ সুগম হয়।

মহাকবি কালিদাস তার বিখ্যাত সংস্কৃত নাটক ‘অভিজ্ঞানশকুন্তলম্’-এ শকুন্তলার কাহিনিকে নাট্যরূপ দিয়েছেন। সেই কালজয়ী আখ্যান অবলম্বনে নৃত্যদল ভাবনার শিল্পীরা গুলশান লেকের পাড়ে এক মোহনীয় পরিবেশে নৃত্যনাট্যটি মঞ্চস্থ করেন। এর নির্দেশনায় ছিলেন সামিনা হোসেন প্রেমা। নান্দনিক এই পরিবেশনা উপভোগ করতে গুলশানসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সংস্কৃতিপ্রেমীরা উপস্থিত হন।

আয়োজনের উদ্যোক্তা গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত বলেন, ‘ইট-পাথরের এই শহরে আমরা যানজট, ময়লা-আবর্জনা ও যানবাহনের হর্নের শব্দ শুনতেই অভ্যস্ত। কিন্তু এর বাইরেও আমাদের মনে প্রেম-ভালোবাসা কিংবা একটি শিল্পসত্তা রয়েছে। কিন্তু আমরা এর জন্য সময় ও পরিবেশ খুব একটা পাই না।’

তিনি বলেন, ‘শকুন্তলা নৃত্যনাট্য আয়োজনের মধ্য দিয়ে আমরা শিল্প-সাহিত্য ও সংস্কৃতির ধারাকে প্রবাহিত করার একটি প্রয়াস চালিয়েছি।’

তিনি আরও বলেন, ‘শকুন্তলা যেমন তার প্রেমিক রাজা দুষ্মন্তের আংটি হারানোর পর অনেক কষ্টে তা ফিরে পান, এই আয়োজনের মধ্য দিয়ে আমরাও সেই আংটির মতো হারিয়ে যেতে বসা শিল্প, সংস্কৃতি ও জীবনবোধ ফিরে পেতে চাই।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা