× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বসুন্ধরার ফ্ল্যাটে হামলা-লুটপাট, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬ ২০:৪৫ পিএম

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬ ২১:২৬ পিএম

কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে হামলা, ভাঙচুর ও স্বর্ণালংকারসহ আসবাবপত্র লুটের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা শহিদুল হাকিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা পুলিশ।

রাজধানীর ফকিরাপুল এলাকার একটি ভবনে বৃহস্পতিবার বিকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগী বাড়ির মালিক আবু বকরের স্ত্রী জেবুন্নেসার করা মামলায় শহিদুলকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার শহিদুল হাকিম চৌধুরীর গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়। তিনি চট্টগ্রাম শহরের ষোলশহরে বসবাস করতেন। যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি। বর্তমানে ঢাকায় বসবাস করছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ২১ অক্টোবর রাতে বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৮৪ নম্বর সড়কের একটি ফ্ল্যাটে শহিদুল হাকিম, শিপন চৌধুরীসহ কয়েকজন হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেন। ফ্ল্যাটটির মালিক আবু বকর পেশায় একজন অটোমোবাইল ইঞ্জিনিয়ার। তিনি অস্ট্রেলিয়াপ্রবাসী। বছরখানেক আগে দেশে ফিরে স্ত্রীকে নিয়ে ওই ফ্ল্যাটে বসবাস শুরু করেন।

আবু বকরের স্ত্রীর বড় ভাই মিন্টু অভিযোগ করেন, তিন দফায় হামলা চালিয়ে ফ্ল্যাটটি ব্যাপকভাবে ভাঙচুর করা হয়েছে। ঘটনার পরপরই তার বোন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেও প্রতিকার পাননি বলে দাবি করেন তিনি।

তার অভিযোগ, পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে হামলাকারীরা দরজা-জানালা ও আসবাবপত্র পর্যন্ত নিয়ে গেছে। ট্রাকে করে বাড়ির মালামাল সরিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে।

বাড়িটির অন্য একটি ফ্ল্যাটের ভাড়াটিয়া জেনিফার সিদ্দিকী জানান, নিচতলার একটি ফ্ল্যাটে হামলা চালানো হয়। ভীতসন্ত্রস্ত জেবুন্নেসা তার শিশুসন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে যাওয়ার পর আবারও হামলা চালানো হয়। এ সময় ফ্ল্যাটের দরজা খুলে নেওয়ার পাশাপাশি শৌচাগারের বেসিন ও কমোডসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেন তিনি।

জেনিফার আরও জানান, গভীর রাতে ট্রাকে করে ফ্ল্যাটের আসবাবপত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করা হলে তারা মালিককে খবর দেন। পরে বসুন্ধরা আবাসিক এলাকার নিরাপত্তাকর্মীরা ট্রাকে মালামাল তোলায় বাধা দেন। খবর পেয়ে রাত দেড়টার দিকে পুলিশ ঘটনাস্থলে আসে।

অভিযোগ অনুযায়ী, আবু বকর তার ভগ্নিপতি শহিদকে সঙ্গে নিয়ে যৌথ মালিকানায় বসুন্ধরা আবাসিক এলাকায় তিন কাঠা জমি কিনে সাততলা ভবন নির্মাণ করেন। ওই ভবনের একটি ফ্ল্যাটে স্ত্রী জেবুন্নেসাকে নিয়ে প্রায় এক বছর ধরে বসবাস করছিলেন তিনি।

মামলার অভিযোগে আরও বলা হয়েছে, হামলাকারীরা জেবুন্নেসা ও তার দুই মাস বয়সী শিশুসন্তানকে আক্রমণ করে বাড়ি থেকে বের করে দেন। এ সময় ৪০ ভরি স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ২৭ অক্টোবর ভাটারা থানায় সাতজনকে আসামি করে মামলা করেন জেবুন্নেসা।

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) সরওয়ার ওয়াদুদ বলেন, “মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা