× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিমান কর্মকর্তা তাহসিফের মৃত্যু, আলোচনায় পুরোনো পডকাস্ট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬ ১৩:৫৬ পিএম

তাহসিফ সৌরির মরদেহ উদ্ধারের পর নতুন করে আলোচনায় এসেছে শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ নিয়ে তার দেওয়া একটি পডকাস্ট সাক্ষাৎকার। ছবি: ফেনবুক থেকে

তাহসিফ সৌরির মরদেহ উদ্ধারের পর নতুন করে আলোচনায় এসেছে শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ নিয়ে তার দেওয়া একটি পডকাস্ট সাক্ষাৎকার। ছবি: ফেনবুক থেকে

রাজধানীর উত্তরখানে তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মরদেহ উদ্ধারের পর নতুন করে আলোচনায় এসেছে শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ নিয়ে তার দেওয়া একটি পডকাস্ট সাক্ষাৎকার। ওই সাক্ষাৎকারে নিজের বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগও নাকচ করেন তাহসিফ। তার মৃত্যুর পর সাক্ষাৎকারটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়ছে।

বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে উত্তরখানের রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা। পুলিশ জানিয়েছে, গত ২৭ অক্টোবর রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধারের সময় তাহসিফের পরনে ছিল সাদা পাজামা ও কালো পোশাক। তার হাতে একটি ঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়। ফোনের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত করা হয়। তিনি রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টরের বাসিন্দা ছিলেন।

টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ রাজাবাড়ী ঘাট এলাকায় গিয়ে মরদেহ উদ্ধার করে।

অন্যদিকে, উত্তরা জোনের (দক্ষিণখান) অতিরিক্ত উপপুলিশ কমিশনার কে এইচ এম এরশাদ জানান, মরদেহ উদ্ধারের পর তখনো তা পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি। এ ঘটনায় মামলা হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ নিয়ে প্রশ্ন

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের দৃশ্য ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে বিমানবাহিনীর দুই সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সৌরি ও ফ্লাইট লেফটেন্যান্ট রিফাত আশরাফী আলোচনায় আসেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, ওই ঘটনার পর তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, রিফাত আশরাফীর বিরুদ্ধে ভিডিওটি ধারণ করার এবং তাহসিফের বিরুদ্ধে সেটি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। তবে তাহসিফ তার এক পডকাস্ট সাক্ষাৎকারে অভিযোগের পক্ষে কী প্রমাণ রয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন।

গত ২১ জুলাই ইউটিউব চ্যানেল ‘Speak With Rashid’-এ প্রকাশিত সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি যদি ভিডিওটা করেও থাকি, ছড়িয়েও থাকি, হোয়াট ইজ দ্য প্রুভ দে আর হ্যাভিং”।

তাহসিফের বক্তব্য, বিভিন্ন প্রতিবেদনে তাকে ভিডিও ছড়িয়ে দেওয়ার সঙ্গে যুক্ত করা হলেও ভিডিওটি নিজে ধারণ করার অভিযোগ একইভাবে উপস্থাপন করা হয়নি। তা র দাবি, এ ধরনের প্রতিবেদনের কারণে সামাজিকভাবে বিব্রত হতে হয়েছে এবং হয়রানির শিকার হতে হয়েছে।

‘র’-এর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ নাকচ

সাক্ষাৎকারে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগও অস্বীকার করেন তাহসিফ। তার ভাষ্য, একটি প্রতিবেদনের শিরোনাম ও উপস্থাপনায় তাঁকে ওই সংস্থার নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হিসেবে তুলে ধরা হয়েছিল, যদিও তার দাবি, এ ধরনের কোনো সংশ্লিষ্টতা নেই।

চাকরি ছাড়ার প্রসঙ্গে তাহসিফ জানান, ওই সময়ের সব ঘটনা তিনি প্রকাশ করতে পারবেন না। তবে ভিডিও-সংক্রান্ত অভিযোগের কারণে তাকে বিমানবাহিনী থেকে অব্যাহতি দেওয়া হয়ে থাকতে পারে বলে মনে করেন তিনি।

তার অভিযোগ, স্বেচ্ছায় অবসরের আবেদন দিতে বলা হয়েছিল এবং পরবর্তী সময়ে তার সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে।

এ ছাড়া পাসপোর্ট আটকে রাখা এবং পাইলট হিসেবে তার ফ্লাইং আওয়ারের নথি না পাওয়ার বিষয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। 

তাহসিফের মৃত্যুর পর তার এক বন্ধু সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ঘটনাটি নিয়ে আরও তদন্তের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। পোস্টে রাজনৈতিক সংশ্লিষ্টতার সম্ভাবনা নিয়েও প্রশ্ন তোলা হয়। তবে এসব বক্তব্য ব্যক্তিগত দাবি; এর পক্ষে স্বাধীনভাবে যাচাই করা কোনো প্রমাণ এখনো সামনে আসেনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা