সাভার (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ ২৩:০৫ পিএম
প্রতীকী ছবি।
ঢাকার সাভারে কাজ শেষে বাড়ি ফেরার পথে মো. জামাল হোসেন নামে এক ফার্নিচার দোকানের ম্যানেজারকে কুপিয়ে ও পিটিয়ে এক লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় থানায় অভিযোগ করতে চাইলে তাকে হত্যার পর লাশ গুমের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন জামাল।
বুধবার রাতে সাভার মডেল থানাধীন কাউন্দিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, ওই দিন রাত সাড়ে ১০টার দিকে কাউন্দিয়া ইউনিয়নের চাঁদপুর গলির মাথায় লাইফ বেকারির সামনের সড়কে এ ঘটনা ঘটে।
জামাল হোসেন সাভারের দক্ষিণ কাউন্দিয়ার মৃত ফজল করিম ও মৃত রাহেলা বেগমের ছেলে।
তিনি ঢাকার মিরপুর-১ এলাকার কলি ফার্নিচার দোকানের ম্যানেজার হিসেবে কর্মরত।
এ ঘটনায় তিনি তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়, রাতে বাড়ি ফেরার পথে আরাফাত আহম্মেদ রিফাত (২৫), সিফাত (২৭) ও আকাশসহ (২৮) কয়েকজন চাপাতি, লাঠি ও লোহার রড নিয়ে জামালের পথরোধ করেন। তার সঙ্গে দোকানের সারাদিনের বিক্রির এক লাখ টাকা থাকায় তিনি তাদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় অভিযুক্তরা তার ওপর এলোপাতাড়ি হামলা চালান।
অভিযোগ অনুযায়ী, লোহার রডের আঘাতে জামালের বাম হাতের হাড় ভেঙে যায়। মাথায় আঘাতের চেষ্টা প্রতিহত করতে গিয়ে তার চোখ ও ঠোঁটে গুরুতর জখম হয়। একপর্যায়ে তিনি মাটিতে পড়ে গেলে তার ট্রাউজারের বিভিন্ন পকেট থেকে এক লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যান অভিযুক্তরা। স্থানীয়দের সহায়তায় জামালকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
জামাল হোসেন বলেন, “আমি এ ঘটনার সুষ্ঠু বিচার ও আইনি প্রতিকার চাই।”
এ বিষয়ে এসআই কামরুল ইসলাম বলেন, কাউন্দিয়ায় মারধর ও টাকা ছিনতাইয়ের একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।