ছবি: সংগৃহীত
ঢাকায় প্রথম ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন ও অনলাইন প্ল্যাটফর্ম চালুর মধ্য দিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড ‘এথনিক’। রাজধানীর সেন্টারপয়েন্ট শপিং মলে ৭ হাজার ৬৯৬ বর্গফুট আয়তনের একটি স্টোর উদ্বোধনের মাধ্যমে ব্র্যান্ডটির এ কার্যক্রম শুরু হলো।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, সেন্টারপয়েন্ট শপিং মলের লেভেল ২-এর ‘শপ ডি২’-তে এই ফ্ল্যাগশিপ স্টোরটি চালু করা হয়েছে। ফিজিক্যাল বা অফলাইন স্টোরের পাশাপাশি দেশের ক্রেতাদের জন্য সাশ্রয়ী মূল্যে পণ্য পৌঁছে দিতে ব্র্যান্ডটির অনলাইন শপিং প্ল্যাটফর্মও উন্মুক্ত করা হয়েছে। এর মাধ্যমে দেশের যেকোনো প্রান্ত থেকেই ক্রেতারা এথনিক-এর পোশাক দেখতে ও কিনতে পারবেন।
বাংলাদেশে এথনিক-এর আনুষ্ঠানিক ফ্র্যাঞ্চাইজি অংশীদার (পার্টনার) হিসেবে যুক্ত রয়েছে রেনেসাঁ ডেকোর লিমিটেড।
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ফিজিক্যাল স্টোর ও অনলাইন শপিং সুবিধা এবং সংযুক্ত আরব আমিরাতে অনলাইন উপস্থিতির পর এবার বাংলাদেশে সম্প্রসারিত হলো ব্র্যান্ডটি। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রেনেসাঁ ডেকোর লিমিটেডের সহযোগিতায় বাংলাদেশে ভবিষ্যতে অন্তত আরও তিনটি স্টোর চালুর পরিকল্পনা রয়েছে এথনিক কর্তৃপক্ষের।
উদ্বোধন প্রসঙ্গে এথনিক-এর চিফ কমার্শিয়াল অ্যান্ড মার্কেটিং অফিসার (সিসিএমও) মুহাম্মদ উসমান বলেন, “বাংলাদেশ আমাদের আন্তর্জাতিক যাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ। এ দেশের প্রাণবন্ত ফ্যাশন সংস্কৃতি এবং ব্র্যান্ডটির প্রতি ক্রেতাদের দীর্ঘদিনের আগ্রহ ও ভালোবাসাকে আমরা গভীরভাবে মূল্যায়ন করি। ঢাকায় প্রথম ফ্ল্যাগশিপ স্টোর ও অনলাইন প্ল্যাটফর্ম চালুর মাধ্যমে স্থানীয় ক্রেতাদের সঙ্গে আরও ঘনিষ্ঠ ও দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তুলতে আমরা আশাবাদী।”
রেনেসাঁ ডেকোর লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেহরীন আসাফ বলেন, “আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড এথনিক-কে বাংলাদেশে নিয়ে আসা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আমরা বিশ্বাস করি, ব্র্যান্ডটির স্বতন্ত্র ডিজাইন ও বৈচিত্র্যময় কালেকশন দেশের ফ্যাশন বাজারে নতুন মাত্রা যোগ করবে।”
এই উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার জন্য সেন্টারপয়েন্ট মল ম্যানেজমেন্ট, ইউনাইটেড টার্মিনাল, ইউনাইটেড গ্রুপ, রেনেসাঁ ডেকোর লিমিটেড ও সংশ্লিষ্ট অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এথনিক কর্তৃপক্ষ।
স্বতন্ত্র প্রিন্ট, নান্দনিক ডিজাইন ও সমসাময়িক ফ্যাশন ট্রেন্ডের জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত এই ব্র্যান্ডটি জানায়, বৈচিত্র্যময় পোশাকের কালেকশন নিয়ে তারা স্থানীয় বাজারে দীর্ঘমেয়াদি উপস্থিতি গড়ে তুলতে চায়।